প্রকাশিত:
৩১ অক্টোবার ২০২৬, ২০:৫১
নারায়ণগঞ্জ জেলা ইউনিটের রেড ক্রিসেন্টের নির্বাচনে ভোট দিলেন ব্যবসায়ী নেতা সোহাগ, নবী-টিপু প্যানেলের জয়
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ জেলা ইউনিটের এই প্রথমবারের মতো অনুষ্ঠিত নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সোহাগ।
শনিবার (৩১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ নির্বাচনে তাঁর ভোটদানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ভোট প্রদান শেষে আলহাজ্ব মোহাম্মদ সোহাগ বলেন, রেড ক্রিসেন্ট একটি মানবিক ও সেবামূলক প্রতিষ্ঠান। আমি আশা করি, নির্বাচিত নেতৃত্ব দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং নারায়ণগঞ্জের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবেন।
নির্বাচনে সেক্রেটারি পদে ১৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। অন্যদিকে, ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জেলা আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. নবী হোসেন। ফলে নবী-টিপু প্যানেল নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
নির্বাচনে কার্যনির্বাহী কমিটির পাঁচটি সদস্য পদেও জয় পেয়েছেন নবী-টিপু প্যানেলের প্রার্থীরা। তাঁদের মধ্যে সর্বোচ্চ ২৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। এ ছাড়া অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ২৮১ ভোট, অ্যাডভোকেট মো. জাকির হোসেন ২৭৫ ভোট, রিয়াদ মোহাম্মদ চৌধুরী ২৬৩ ভোট এবং ফতেহ মোহাম্মদ রেজা রিপন ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সেক্রেটারি পদে টিপুর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট মো. রেজাউল করিম খান রেজা পেয়েছেন ১৫৪ ভোট। এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান (১১০ ভোট), মো. হারুন অর রশীদ খান (৯১ ভোট) এবং মোহাম্মদ নাজমুল হক (৮৭ ভোট)।
নির্বাচনের নিয়ম অনুযায়ী, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ পদাধিকারবলে নারায়ণগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৯৯৭ জন। তাঁদের মধ্যে ৩৩৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটার ও প্রার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পছন্দের প্রার্থীকে ভোট দিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কেন্দ্রে উপস্থিত হন।
নির্বাচন পরিদর্শন ও ভোট প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ। কমিটির অন্য সদস্যরা ছিলেন তাঁর স্ত্রী অধ্যাপক বদরুননাহার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক যুগ্ম আহ্বায়ক সামছুন নূর বাঁধন, ব্যবসায়ী নেতা মো. সোহেল আক্তার সোহান এবং জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম বাবুল।
নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মামুন মাহমুদ বলেন, সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির ৫১ বছরের ইতিহাসে এটিই প্রথম নির্বাচন। ঐতিহাসিক বিবেচনায় দিনটি গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। নির্বাচিত প্রতিনিধিরা সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে যারা নির্বাচিত হতে পারেননি, তাঁদেরও আজীবন সদস্য হিসেবে বিজয়ীদের সঙ্গে মিলেমিশে জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের এই প্রথম নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী নেতা আলহাজ্ব মোহাম্মদ সোহাগসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ সংগঠনটির কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
মন্তব্য করুন: