প্রকাশিত:
২ নভেম্বার ২০২৬, ২১:০২
শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে শ্রমিক শক্তির বিক্ষোভ ও মশাল মিছিল
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে জাতীয় শ্রমিক শক্তি।
সোমবার (২ নভেম্বর) তাৎক্ষণিকভাবে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য দেন জাতীয় শ্রমিক শক্তির যুগ্ম সদস্য সচিব তৌফিক উজ জামান পীরাচা ও রবিউল হাসান রনি। এ সময় নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ফয়সল আহমেদ, সদস্য সচিব রাকিব মোল্লাসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা কোনো অনুগ্রহ নয়, বরং অধিকার। যৌক্তিক দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলা চালিয়ে তাঁদের দাবি উপেক্ষা করা যায় না। শ্রমিকদের কণ্ঠরোধ না করে তাঁদের ন্যায্য দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান তাঁরা।
নেতারা আরও বলেন, শ্রমিকদের সম্মানজনক মজুরি ও কর্মক্ষেত্রে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জাতীয় শ্রমিক শক্তি সব সময় পাশে থাকবে। ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগঠনটি সোচ্চার থাকবে বলেও জানান তাঁরা।
বিক্ষোভ ও মশাল মিছিল থেকে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি জানানো হয়।
মন্তব্য করুন: