প্রকাশিত:
৪ নভেম্বার ২০২৬, ২১:১৬
রূপগঞ্জে দুই প্রবাসীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৪৬ লাখ টাকা লুট, চালকসহ গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফুট সড়কে দুই দুবাইপ্রবাসীকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৪৬ লাখ টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় প্রবাসীদের বহনকারী প্রাইভেটকারের চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া বেশ কিছু স্বর্ণালংকার ও মালামাল উদ্ধার করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) ভোররাত ৩টার দিকে পূর্বাচল ৩০০ ফুট সড়কের সমু মার্কেট এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রূপগঞ্জের চরপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে প্রাইভেটকারচালক শাহীন মিয়া (৩২), তাঁর ভাই সোহেল মিয়া (২৮) এবং একই এলাকার আমজাদ হোসেনের ছেলে আইয়ুব হোসেন (৩৫)।
ভুক্তভোগী দুবাইপ্রবাসী জামাল হোসেন জানান, রাত দেড়টার দিকে তিনি ও তাঁর বন্ধু সোহেল আহমেদ দুবাই থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে পূর্বপরিচিত প্রাইভেটকারচালক শাহীন মিয়ার গাড়িতে করে তাঁরা কাঞ্চনের উদ্দেশে রওনা হন।
পথে ভোররাত ৩টার দিকে তাঁদের গাড়িটি পূর্বাচল ৩০০ ফুট সড়কের সমু মার্কেট এলাকায় পৌঁছালে চালক শাহীন কৌশলে অন্য একটি প্রাইভেটকার দিয়ে তাঁদের গাড়ির গতিরোধ করেন। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা অস্ত্রের মুখে দুই প্রবাসীকে জিম্মি করে তাঁদের সঙ্গে থাকা ১৮ ভরি স্বর্ণালংকার, পাঁচটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, একটি ট্যাবসহ প্রায় ৪৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
পরে ডাকাতরা দুই প্রবাসীর হাত-পা বেঁধে এবং মুখে স্কচটেপ লাগিয়ে এশিয়ান হাইওয়ে সড়কের কালনী এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।
একপর্যায়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুই প্রবাসীকে উদ্ধার করে। এ সময় লুট হওয়া মালামাল নিয়ে পালানোর চেষ্টা করলে প্রাইভেটকারচালক শাহীন মিয়া, তাঁর ভাই সোহেল মিয়া ও আইয়ুব হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুনুর রশিদ জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে লুট হওয়া বেশ কিছু স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং বাকি মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন: