প্রকাশিত:
৪ নভেম্বার ২০২৬, ২২:০৩
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা, মাদক, ডাকাতি ও নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনা এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম থানা এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে।
অভিযানে বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন—সোনারগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ উজ্জল (৪৪) এবং পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য মোঃ বিল্লাল হোসেন (৩৬)।
মাদক সেবনের অপরাধে গ্রেপ্তার করা হয়েছে ৬ জনকে। তারা হলেন—দমদমা এলাকার জাহিদ হাসান নিলয় (২১), মোগড়াপাড়া ডহরপাড়ার রমজান (৪২), ঝাউচর ফ্রেশ কোম্পানি এলাকার মোঃ কাউসার (২৮), একই এলাকার মোঃ ফরহাদ (২৬) ও মোঃ রুবেল (২৬) এবং নাগেরবাগ এলাকার আবু সাঈদ (৩৩)।
এছাড়া সড়ক দুর্ঘটনা সংক্রান্ত মামলায় কুমিল্লার লালমাই থানার আবু ইউসুফ (৩১), ডাকাতি মামলায় ময়মনসিংহের গৌরীপুর থানার মোঃ সাইফুল ইসলাম (৩৮) এবং আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সোনারগাঁয়ের খিদিরপুর এলাকার মোঃ পারভেজ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে থানা এলাকায় নিয়মিত এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত সকল আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন: