info@narayanganjnewsexpress.com ২২শে নভেম্বর ২০২৬, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

নারায়ণগঞ্জে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

narayanganjnews express

প্রকাশিত:
৫ নভেম্বার ২০২৬, ১৫:১৩

সংগৃহীত

 


নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা তিন দিনের বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর আপাতত কর্মচাঞ্চল্য ফিরেছে। বৃহস্পতিবার সকাল থেকে অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। যান চলাচলও স্বাভাবিক রয়েছে। তবে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ফতুল্লার শিবু মার্কেট ও বিসিক এলাকায় ঘুরে স্বাভাবিক কার্যক্রমের চিত্র দেখা যায়।

আগের তিন দিন এসব এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেওয়ার পর কর্মস্থল ছেড়ে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। বৃহস্পতিবার পরিস্থিতি বিবেচনায় কাঠেরপুল, শিবু মার্কেট এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। পাশাপাশি শিবু মার্কেট থেকে আশপাশের সড়কগুলোতে বিজিবির টহল দেখা যায়। ফতুল্লার বাইরেও নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকেই বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

এদিকে ফতুল্লার পাশাপাশি নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় এলাকা চাষাঢ়াতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে পুলিশের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদেরও সড়কে অবস্থান করতে দেখা গেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর