প্রকাশিত:
৬ নভেম্বার ২০২৬, ১৪:৫৮
ফতুল্লার মাসদাইরে ১৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে ফতুল্লা থানাধীন মাসদাইর বড় কবরস্থান এলাকার মোশারফের চায়ের দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মাসদাইর বেকারির মোড় এলাকার দিদার (৬০), জামালপুরের মেলান্দহ উপজেলার চিনিতোলা এলাকার বাসিন্দা মো. আলতাব (৪০), মাসদাইর বেকারির মোড় এলাকার মো. আলিফ (২৩) এবং শেরে বাংলা রোড এলাকার সোলায়মান সানি (৩৮)।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এএসআই (নিরস্ত্র) মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে এক নম্বর আসামি দিদারের পিসিপিআর (পূর্ববর্তী অপরাধের তথ্য) যাচাই করে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন: