প্রকাশিত:
৯ নভেম্বার ২০২৬, ২০:৪৯
ফতুল্লায় জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নারায়ণগঞ্জ জেলা শাখার উপ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে (৫৫) আবার গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে ফতুল্লার কাশীপুর খিল মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নন্দন কুমার সরকার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ওই এলাকায় অভিযান চালান। হাবিব কাশীপুরের দক্ষিণ গোয়ালবন্দ এলাকার মৃত আনসার আলী সরদারের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় হাবিবের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এর আগে গত মার্চে কাশীপুরের খিল মার্কেটসংলগ্ন গোয়ালবন্দ এলাকায় নিজ বাসা থেকে হাবিবকে গ্রেপ্তার করেছিল ফতুল্লা মডেল থানা পুলিশ। সে সময় পুলিশ জানিয়েছিল, গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
মন্তব্য করুন: