প্রকাশিত:
১০ নভেম্বার ২০২৬, ১৪:৫৫
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও বৈষম্যবিরোধী মামলার আসামি, মাদকসেবী এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও বৈষম্যবিরোধী মামলার আসামি, মাদকসেবী এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ জানায়, অভিযানে সন্ত্রাসবিরোধী মামলায় তিনজন, বৈষম্যবিরোধী মামলায় একজন, মাদকসেবী হিসেবে দুজন এবং বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার তিনজন হলেন-নোয়াগাঁও ইউনিয়নের নিষিদ্ধ কার্যক্রমের আওয়ামী যুবলীগের সিনিয়র সহসভাপতি মো. মুকবুল হোসেন (৫৫), জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ কার্যক্রমের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মোমেন (৪৩) এবং জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক মো. আকাশ বিশ্বাস (৩০)। বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার রিফাত হাসান (২২)। পুলিশ তাকে কাঁচপুর ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করেছে।
এ ছাড়া মাদকসেবী হিসেবে মো. জাহিদুল ইসলাম (৩১) ও রুবেলকে (২৭) গ্রেপ্তার করা হয়। তাদের দুজনের বর্তমান ঠিকানা সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার সোনাপুরে বলে জানিয়েছে পুলিশ। ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে মো. ওহিদ (৫৩) ও সানিকে (২৩)। ওহিদের বাড়ি সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া এলাকায় এবং সানির বাড়ি সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর এলাকায় বলে পুলিশ জানিয়েছে।
সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানান গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলা ও আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন: