info@narayanganjnewsexpress.com ২২শে নভেম্বর ২০২৬, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে হাজী মাছুমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, জামিল পোকনকে দ্রুত গ্রেপ্তারের দাবি

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
১৩ নভেম্বার ২০২৬, ১৬:১০

ছবি: সংগৃহীত

বন্দরে হাজী মাছুমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, জামিল পোকনকে দ্রুত গ্রেপ্তারের দাবি

 

 নারায়ণগঞ্জের বন্দরে কলাগাছিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের পুনাইনগর এলাকায় ব্যবসায়ী, পুনাইনগর জামে মসজিদের সেক্রেটারি ও ইউপি সদস্য পদপ্রার্থী হাজী মোঃ মাছুম মিয়ার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

 

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় কলাগাছিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের পুনাইনগর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে হামলার ঘটনায় অভিযুক্ত জামিল হোসেন পোকনসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১১টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে নিজ বসতবাড়ির সামনে হাজী মোঃ মাছুম মিয়ার ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় জামিল হোসেন পোকনসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর পথরোধ করে হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

অভিযোগ অনুযায়ী, হামলাকারীদের একজন ধারালো কুড়াল দিয়ে মাছুম মিয়ার মাথায় পরপর দুটি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। এ ছাড়া তাঁর কাছে থাকা ব্যবসায়িক নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন ব্যবসায়ী, মসজিদ কমিটির দায়িত্বশীল ব্যক্তি ও জনপ্রতিনিধি পদপ্রার্থীর ওপর এমন হামলার ঘটনায় এলাকাবাসী উদ্বিগ্ন। তাঁরা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং ভুক্তভোগী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন: খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলার দপ্তর সম্পাদক মুহা. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি আব্দুল গণি, সভাপতি গোলাম রব্বানী, সহ-সাধারণ সম্পাদক শরীফ মিস্ত্রী, ফতুল্লার আবু বকর সিদ্দিক, এনামুল হাসান এবং সমাজসেবক মোশারফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধন থেকে পুলিশের প্রতি জোরালো আহ্বান জানিয়ে বক্তারা বলেন, অভিযোগে অভিযুক্ত জামিল হোসেন পোকনসহ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি হাজী মাছুম মিয়া ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর