প্রকাশিত:
১৪ নভেম্বার ২০২৬, ১৫:১৫
সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে মিলল চার ককটেল সদৃশ বস্তু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে পলিথিনে মোড়ানো চারটি ককটেলসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি অটোরিকশায় করে এসে বস্তুগুলো ফেলে গেছেন বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। পরে স্থানীয়রা বস্তুগুলো পানি ভর্তি বালতিতে ভিজিয়ে রাখেন। পুলিশ জানিয়েছে, বস্তুগুলোতে বিস্ফোরক থাকার কোনো আলামত পাওয়া যায়নি।
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী ফাজিল মাদ্রাসাসংলগ্ন এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েলের কার্যালয়ের সামনে বস্তুগুলো পড়ে থাকতে দেখা যায়।
এম এ হালিম জুয়েলের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে তিনি কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় একটি অটোরিকশায় করে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সেখানে এসে পলিথিনে মোড়ানো চারটি ককটেলসদৃশ বস্তু ফেলে চলে যান। বিষয়টি নজরে আসার পর কার্যালয়ে উপস্থিত ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বস্তুগুলো ককটেল কি না তা নিশ্চিত হতে না পেরে কেউ সেগুলো হাতে নিতে সাহস করেননি। পরে একটি বালতিতে পানি নিয়ে বস্তুগুলো ভিজিয়ে রাখা হয়। প্রায় দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষা করেও কোনো বিস্ফোরণ বা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি না হওয়ায় সেগুলো পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়।
জুয়েল আরও জানান, ঘটনার পর জরুরি সহায়তা পেতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগের চেষ্টা করেন তিনি। তবে নেটওয়ার্ক সমস্যার কারণে সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি। পরে থানায় যোগাযোগ করলে পুলিশ পাঠানোর আশ্বাস দেওয়া হয়। শনিবার সকালে পুলিশের একজন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে বস্তুগুলো সেখানে রাখা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সেগুলোতে কোনো বিস্ফোরক বা বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট ব্যক্তিরা বস্তুগুলো খুলে ফেলেছিলেন। এ ঘটনায় বিস্তারিত জানতে তদন্ত চলছে।
মন্তব্য করুন: