info@narayanganjnewsexpress.com ২২শে নভেম্বর ২০২৬, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩

নাসিকের ২৫ নম্বর ওয়ার্ডে ছয় বছর ধরে সরকারি পাম্প বন্ধ, চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
১৫ নভেম্বার ২০২৬, ১৫:০৫

ছবি: সংগৃহীত

নাসিকের ২৫ নম্বর ওয়ার্ডে ছয় বছর ধরে সরকারি পাম্প বন্ধ, চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২৫ নম্বর ওয়ার্ডের দেউলি চৌরাপাড়া ও সোমবাড়িয়া বাজার এলাকায় বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী।

 

রোববার (১৫ নভেম্বর) সকালে ২৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের সভাপতিত্বে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে এলাকার ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখেন ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নেছার উদ্দিন, বন্দর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক কবির সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভুক্তভোগীরা।

 

বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এলাকাবাসীর পক্ষে আশরাফুল ইসলাম অভিযোগ করে বলেন, "এসিআই মিলের কারণে এ এলাকার সাধারণ মানুষ আজ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। মিলের লোকজন ও প্রশাসনের যোগসাজশে আমাদের সরকারি পানির পাম্পটি অবৈধভাবে তুলে নেওয়া হয়েছে। পাম্প মেরামতের কথা বলে ইঞ্জিনিয়ারসহ সংশ্লিষ্টরা মোটরটি সরিয়ে নিয়ে তা গায়েব বা মাটিচাপা দিয়ে দিয়েছেন।

 

তিনি আরও অভিযোগ করেন, এটি একটি সরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের পানির উৎস ছিল। অথচ পাম্পের মোটরটি অফিসিয়াল নিয়মে কোথাও জমা দেওয়া হয়নি। এসিআই মিলের স্টাফ ও সংশ্লিষ্ট লোকজন নিজেদের স্বার্থে এবং নানা নির্যাতনের মাধ্যমে দীর্ঘ ছয় বছর ধরে এই পাম্পটি বন্ধ করে রেখেছেন। তারা ওয়াসা ও সিটি করপোরেশনসহ বিভিন্ন দপ্তরে প্রভাব খাটিয়ে এই অন্যায় চালিয়ে যাচ্ছেন।

 

এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য তুলে ধরার বিনীত অনুরোধ জানান।

মানববন্ধনে অংশ নিয়ে পানির তীব্র কষ্টের কথা তুলে ধরেন ভুক্তভোগী স্থানীয় নারীরা। এক ভুক্তভোগী নারী ক্ষোভ ও অসহায়ত্ব প্রকাশ করে বলেন, "পানির অভাবে আমরা নিয়মিত গোসল করতে পারি না, খাবার পানিরও চরম সংকট। আপনারা দয়া করে আমাদের জন্য বিশুদ্ধ পানির সুব্যবস্থা করুন।

 

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে এলাকাবাসী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে সরকারি পাম্পটি পুনরায় চালু করে বিশুদ্ধ খাবার পানির সুব্যবস্থা না করা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর