info@narayanganjnewsexpress.com ২২শে নভেম্বর ২০২৬, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় অনুমোদনহীন চিপস উৎপাদন, প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
১৬ নভেম্বার ২০২৬, ২১:৫৩

ছবি: সংগৃহীত

ফতুল্লায় অনুমোদনহীন চিপস উৎপাদন, প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় অনুমোদনহীন ও মানহীন শিশু খাদ্য (চিপস) উৎপাদন ও বাজারজাতের অভিযোগে ‘দি বেস্ট রিয়েল ফুড প্রোডাক্ট’ নামে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

সোমবার (১৬ নভেম্বর) ফতুল্লার কুতুবপুরের শহীদনগর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

 

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

 

অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে দি বেস্ট রিয়েল ফুড প্রোডাক্ট নামের শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটি পরিদর্শন করা হয়। এ সময় দেখা যায়, প্রতিষ্ঠানটির কিছু পণ্যের অনুমোদন থাকলেও রিংস চিপস, ছুটি চিপস, ইস্টার চিপস, রিয়েল স্টার বারবিকিউ চিপস ও ইস্টার চিপস ক্রিসপি স্টিক উৎপাদনের অনুমোদন নেই।

 

এ ছাড়া পণ্যের মোড়কে হালাল সনদের লোগো ব্যবহার করা হলেও প্রতিষ্ঠানটির হালাল সনদ নেই বলে অভিযানে উঠে আসে। পাশাপাশি ভুয়া মান সনদ চিহ্ন ব্যবহার, ঠিকানাবিহীন নন-ফুড গ্রেড কালার ব্যবহার এবং চিপস ভাজার পর লেবেলবিহীন ও অপরিচ্ছন্ন অবস্থায় পণ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

 

এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় অনুমোদন গ্রহণের পর পণ্য উৎপাদন, মোড়কজাতকরণ ও বাজারজাত করার নির্দেশনা দেওয়া হয়।

 

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, শিশু খাদ্যের নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর