প্রকাশিত:
১৭ নভেম্বার ২০২৬, ১৪:৩৯
সিদ্ধিরগঞ্জে তুচ্ছ বিরোধে রনি হত্যা, আদালতে দায় স্বীকার আল-আমিনের ki
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাস চালক মো. রনি (৪১) হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি আল-আমিন (৩৫)। একটি সিমেন্টের স্ল্যাব নষ্ট হওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জবানবন্দিতে স্বীকার করেছেন তিনি।
গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত মুস্তারীর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন আল-আমিন। মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওয়ালিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তদন্ত কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, আল-আমিন পেশায় সিমেন্টের স্ল্যাব তৈরির কারিগর। কিছুদিন আগে তাঁর তৈরি একটি স্ল্যাবের ওপর এক নারী পা দেওয়ায় সেটি নষ্ট হয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই নারীর ওপর ক্ষুব্ধ ছিলেন তিনি।
গত রবিবার সকালে ওই নারীকে মাস্ক পরা অবস্থায় দেখতে পেয়ে তার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান আল-আমিন। বিষয়টি দেখে সেখানে এগিয়ে যান রনি। এ সময় তিনি আল-আমিনকে কয়েকটি চড়-থাপ্পড় মারেন এবং গালিগালাজ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আল-আমিন বাসা থেকে ধারালো ছুরি নিয়ে এসে রনির শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই রনির মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি তাঁরা মার্কেট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। রক্তাক্ত অবস্থায় সড়কে রনিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলের আশপাশে প্রায় ৩০ মিনিট সন্দেহজনকভাবে অবস্থান করছিলেন আল-আমিন। এ সময় স্থানীয়রা তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার কথা স্বীকার করেন। পরে তাঁকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী আফসানা আক্তার বাদী হয়ে রাতে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় আল-আমিনকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটির নম্বর ২৮।
নিহত রনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী মধ্যপাড়া এলাকার মৃত আলী হোসেন ও আনোয়ারা বেগমের ছেলে। তিনি পেশায় মাইক্রোবাসচালক ছিলেন। গ্রেপ্তার আল-আমিন একই থানার মিজমিজি তাঁরা মার্কেট এলাকার আব্দুল আলীর ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা করেছেন। প্রধান আসামি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
মন্তব্য করুন: