info@narayanganjnewsexpress.com ২২শে নভেম্বর ২০২৬, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লার ওসি মাহবুবের বিরুদ্ধে চার্জশিট বাণিজ্যে ও মাসোহারার অভিযোগ!

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
১৭ নভেম্বার ২০২৬, ১৬:৩১

ছবি: সংগৃহীত

ফতুল্লার ওসি মাহবুবের বিরুদ্ধে চার্জশিট বাণিজ্যে ও মাসোহারার অভিযোগ! 

 

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের বিরুদ্ধে গুরুতর অনিয়ম, ঘুষ বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ উঠেছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে—শীর্ষ মাদক কারবারিদের গ্রেপ্তারের পর অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া, অভিযানের নামে বাসাবাড়ি থেকে টাকা হাতিয়ে নেওয়া, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার চার্জশিট থেকে আসামির নাম বাদ দিয়ে অর্থ আদায়, বদলি বাণিজ্য এবং বিভিন্ন তেলের ডিপো থেকে নিয়মিত মাসোহারা গ্রহণ।

 

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের তৎকালীন পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সির দায়িত্বকালীন সময়ে সদর জোনের দায়িত্বে ছিলেন মোহাম্মদ মাহবুব আলম। অভিযোগ রয়েছে, ওই সময় তিনি তৎকালীন এসপির ঘনিষ্ঠ বা ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত ছিলেন এবং জেলার পুলিশ সদস্যদের বদলি বাণিজ্যের সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

 

এ ছাড়া সদর মডেল থানার কনস্টেবল জহিরুলকে ট্রাফিক বিভাগে বদলি করা হলে ওসি মাহবুব আলমের সঙ্গে যোগাযোগের পর ১ লাখ টাকার বিনিময়ে তাকে ফতুল্লা থানায় পদায়ন করা হয় বলে অভিযোগ উঠেছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ বন্দর উপজেলায় শীর্ষ মাদক কারবারি ‘ব্ল্যাক জনি’র আস্তানায় গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মিঠুন কুমার দত্ত ও রুবেলের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওই অভিযানের নেপথ্যে মোহাম্মদ মাহবুব আলমের দিকনির্দেশনা ছিল এবং পরবর্তীতে স্থানীয় মিন্টু নামে এক ব্যক্তির মধ্যস্থতায় রফাদফা করে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

 

অপর এক অভিযোগে উল্লেখ করা হয়, গত ২ জুলাই ওসি মাহবুব আলমের নেতৃত্বে ফতুল্লার দেওভোগ বাঁশমুলি এলাকা থেকে রাসেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আগে থেকেই একটি মামলা থাকায় নতুন মামলায় জড়ানোর ভয় দেখিয়ে এবং পূর্বের মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখিয়ে তার কাছ থেকে ৮ লাখ টাকা নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

 

এ ছাড়া গত ২১ জুলাই ভোর ৬টার দিকে পশ্চিম মাসদাইরের বারৈভোগ খানকা শরীফের সামনের মোড়ে অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারি ‘হোটেল মাসুদ’-কে গ্রেপ্তার করা হয়। অভিযোগ উঠেছে, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে নগদ ৭ লাখ টাকা নেওয়ার পাশাপাশি পরে তার বাড়িতে অভিযানের নামে ঘরের আলমারি ভেঙে আরও ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়।

 

গত ৪ আগস্ট কাশিপুর এলাকার সোনা মিয়ার ছেলে নাজমুল হক ডালিম চৌধুরীকে তার নিজ বাড়ি থেকে আটক করেন ফতুল্লা মডেল থানার এএসআই আব্দুল হামিদ খান। অভিযোগ রয়েছে, আটকের পরপরই পরিবারের সদস্যরা থানায় গেলে ৫ লাখ টাকা দাবি করা হয় এবং দীর্ঘ দর-কষাকষির পর আড়াই লাখ টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি জানাজানি হলে এএসআই আব্দুল হামিদ খানকে পুলিশ লাইনসে সংযুক্ত (ক্লোজড) করা হয়। তবে অভিযোগ উঠেছে, পরবর্তীতে ১ লাখ টাকার বিনিময়ে তাকে পুনরায় ফতুল্লা থানায় ফিরিয়ে আনেন ওসি মাহবুব আলম। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানা তামিল না করে ‘ওয়ারেন্ট বাণিজ্য’ এর মাধ্যমে প্রতি মাসে ওসিকে ২ লাখ টাকা দিতে হতো বলেও অভিযোগ রয়েছে। পরবর্তীতে ১৪ নভেম্বর এএসআই হামিদকে অন্যত্র বদলি করা হয়।

 

এদিকে ২০২৪ সালের ১৭ অক্টোবর সোনারগাঁও থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলার চার্জশিট থেকে ৯ জন আসামির নাম বাদ দিয়ে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওসি মাহবুব আলমের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, চার্জশিট থেকে ৫৪, ৮০, ৮৫, ৮৬, ৮৭, ৯৮, ৯৯, ১২৬ ও ১২৭ নম্বরসহ মোট ৯ জন আসামির নাম বাদ দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে মামলার বাদী আদালতে নারাজি আবেদন করলে নতুন করে বিরোধের সৃষ্টি হয়। পরবর্তীতে তৎকালীন এসপি মিজানুর রহমান মুন্সি নারায়ণগঞ্জ থেকে বদলি হয়ে যাওয়ার আগে ৭ দিনের মধ্যেই পুনরায় ওই চার্জশিট আদালতে প্রেরণ করেন বলে জানা গেছে।

 

তৎকালীন সময়ে চায়না কাপড় ও প্লাস্টিকের দানা বোঝাই গাড়ি আটক করা হলে ডিবির এসআই মিঠুন কুমার দত্তের মাধ্যমে ৯ লাখ টাকার মাসোহারা নির্ধারণ করে দেওয়ার অভিযোগও রয়েছে। বর্তমানে ফতুল্লা থানায় দায়িত্ব পালনকালেও ওসি মাহবুব আলম মনির দারোয়ান নামে এক ব্যক্তির মাধ্যমে বিভিন্ন তেলের ডিপো ও ওই সব উৎস থেকে নিয়মিত ১ লাখ টাকা করে মাসোহারা পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

 

এসব অভিযোগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খোঁজখবর নিচ্ছেন বলে একটি সূত্রে জানা গেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর