info@narayanganjnewsexpress.com ২২শে নভেম্বর ২০২৬, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে পুকুরে কুমিরের অবস্থান: বন বিভাগের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ এলাকাবাসি

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
১৮ নভেম্বার ২০২৬, ১৬:০০

ছবি: সংগৃহীত

বন্দরে পুকুরে কুমিরের অবস্থান: বন বিভাগের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ এলাকাবাসি

 

 

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাতাকাটা ভরঞ্জির পার এলাকার একটি পুকুরে আবারও কুমিরের দেখা মিলেছে। গত দুই দিন ধরে পুকুরটিতে কুমিরটি ভেসে উঠতে দেখা যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

 

 বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে পুকুরের পানিতে ১৫ থেকে ২০ মিনিট পরপর কুমিরটিকে ভাসমান অবস্থায় দেখা গেছে।

 

​স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে পাতাকাটা ভরঞ্জির পার এলাকার ওই পুকুরে প্রথম কুমিরটি দেখতে পান এলাকাবাসী। এরপর থেকে বিভিন্ন সময় পুকুরের পানিতে কুমিরটিকে ভেসে থাকতে দেখা যাচ্ছে। খবরটি ছড়িয়ে পড়লে কুমিরটি একনজর দেখতে পুকুরপাড়ে উৎসুক জনতার ভিড় জমে।

 

​পুকুরটির আশপাশে ঘনবসতি থাকায় শিশু ও গৃহপালিত পশুর নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয়রা। পাশাপাশি পুকুরের মৎস্য খামারির পক্ষে জানানো হয়েছে, পুকুরে কয়েক লাখ টাকার মাছ রয়েছে। কুমিরের অবস্থানের কারণে মাছের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি খামারটি বড় ধরনের লোকসানের মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

 

​এ ঘটনায় মুসাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলমসহ এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, এর আগেও কুমিরটি তিনগাঁও এলাকায় দেখা গিয়েছিল। কিন্তু তখন বন বিভাগের কর্মকর্তারা এটি উদ্ধারে কোনো কার্যকর উদ্যোগ নেননি এবং এখনো কোনো ব্যবস্থা নিচ্ছেন না। দ্রুত কুমিরটি উদ্ধার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা বা জানমালের ক্ষয়ক্ষতি হতে পারে—আর এর দায়ভার কে নেবে, এমন প্রশ্ন তুলেছেন তারা।

 

​বন্দর উপজেলা প্রশাসন ও বন বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করে দ্রুত কুমিরটি উদ্ধার ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর