info@narayanganjnewsexpress.com ২২শে নভেম্বর ২০২৬, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জ থেকে কেনা মেশিনে চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরি

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
২২ নভেম্বার ২০২৬, ২০:৩১

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ থেকে কেনা মেশিনে চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরি

 

চট্টগ্রামে ইয়াবা তৈরির মেশিন ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তৌহিদুল আলম আকিব (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শেখার পর নারায়ণগঞ্জ থেকে মেশিন কিনে নিজ বাসায় ইয়াবা তৈরি করছিলেন তিনি।

 

শনিবার (২১ নভেম্বর) রাতে চট্টগ্রামের চান্দগাঁও ও হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার এবং মেশিন ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তার তৌহিদুল আলম আকিব চট্টগ্রামের পটিয়া উপজেলার কুলগাঁও এলাকার বাসিন্দা। তিনি হাটহাজারী থানার শিকারপুর ইউনিয়নে বসবাস করতেন।

 

চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ মহিম বলেন, “গ্রেপ্তারের পর তৌহিদুল আলম আকিব পুলিশকে জানান ইউটিউব দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় তিনি ইয়াবা তৈরির কৌশল রপ্ত করেন। এরপর নারায়ণগঞ্জ থেকে ইয়াবা তৈরির মেশিন কিনেন। তার বর্তমান ভাড়া বাসায় মেশিন স্থাপন করেন। পরবর্তীতে ইয়াবা ট্যাবলেট তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করছিলেন।”

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, শনিবার রাতে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তৌহিদুল আলম আকিবকে আটক করেন পিএসআই প্রসেনজিৎ বড়ুয়া। এ সময় তাঁর দেহ তল্লাশি করে দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আকিব তাঁর বাসায় ইয়াবা তৈরির মেশিন থাকার কথা জানান বলে দাবি পুলিশের।

 

তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল তাঁকে সঙ্গে নিয়ে হাটহাজারী থানার কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের চতুর্থ তলায় অভিযান চালায়। সেখানে তাঁর দেখানো স্থান থেকে একটি ইয়াবা ট্যাবলেট তৈরির মেশিন ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই মেশিনে তৈরি ইয়াবা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছিল। তবে নারায়ণগঞ্জের কোথা থেকে এবং কার কাছ থেকে মেশিনটি কেনা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর