প্রকাশিত:
২৩ নভেম্বার ২০২৬, ১৭:৪৮
শামীম ওসমান-সালাম-ওহিদের ছায়া ছেড়ে আমান বিএনপিতে, দায়সারা বক্তব্যে ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন!
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কথিত লকডাউন ও সম্ভাব্য নাশকতা প্রতিহত করতে নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরে বিএনপির অবস্থান কর্মসূচির প্রথম সারিতে দেখা গেছে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আমান উল্লাহ আমানকে। কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চললেও মদনপুর ইউনিয়নে এই আওয়ামী লীগ নেতার প্রকাশ্যে ঘুরে বেড়ানো এবং বিএনপির কর্মসূচিতে অংশ নেওয়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর সকালে বৃষ্টি উপেক্ষা করে নাশকতার আশঙ্কা ও কথিত লকডাউন রুখে দিতে মদনপুরে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচিতে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশাসহ বন্দর থানা ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগবিরোধী স্লোগানমুখর ওই কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে প্রথম সারিতেই বসে থাকতে দেখা যায় আমান উল্লাহ আমানকে।
স্থানীয় সূত্রে জানা যায়, মদনপুর ইউনিয়নের কেওডালা এলাকার বাসিন্দা ও ইটভাটার মালিক আমান উল্লাহ আমান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শামীম ওসমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। মদনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরিচিত এই ব্যক্তি সে সময় শামীম ওসমান, মদনপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও বন্দর থানা ছাত্রলীগের সহ-সভাপতি গাজী এম এ সালাম এবং স্থানীয় প্রভাবশালী যুবলীগ নেতা ওয়াহিদুজ্জামান ওহিদের প্রভাব বলয় ব্যবহার করে কেওডালাসহ মদনপুর এলাকা ও ইটভাটাগুলো নিয়ন্ত্রণ করতেন। পারিবারিক সূত্রে তিনি গাজী এম এ সালামের বিয়াই এবং ওয়াহিদুজ্জামান ওহিদের আপন ফুপা। এই রাজনৈতিক ও পারিবারিক প্রভাব খাটিয়ে তিনি বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ।
এলাকাবাসীর দাবি, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গাজী এম এ সালাম ও ওয়াহিদুজ্জামান ওহিদসহ স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যান। শুরুতে আমান উল্লাহ আমানও কিছুদিন গা-ঢাকা দিয়েছিলেন। তবে পরবর্তীতে স্থানীয় কতিপয় বিএনপি নেতার সঙ্গে সমঝোতা করে তিনি পুনরায় প্রকাশ্যে আসেন। বর্তমানে তিনি স্থানীয় কিছু নেতার মাধ্যমে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন বলেও এলাকায় গুঞ্জন রয়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, রাজনৈতিক পটপরিবর্তন হলেও মদনপুরে আমান উল্লাহ আমানের প্রভাব কমেনি, বরং আগের তুলনায় আরও বেড়েছে। নিজেকে রক্ষা করতেই তিনি বর্তমানে বিএনপির ছায়াতলে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। এদিকে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার খবরের মধ্যেই মদনপুরে বিএনপির কর্মসূচিতে এমন উপস্থিতির ঘটনা নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।
এ বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, “আমান উল্লাহ আমানকে আবুল কাউছার আশা ভাইয়ের সঙ্গে কয়েকটি মিছিল করতেও দেখেছি। যেহেতু আমি আজকেই শুনলাম, সে আওয়ামী লীগ কি না তা জানি না; তার বিষয়ে খোঁজখবর নিয়ে তারপর দেখব।
মন্তব্য করুন: