প্রকাশিত:
২৩ নভেম্বার ২০২৬, ১৭:৫৬
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সাবেক যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৯
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনজন, মাদকসেবী পাঁচজন এবং ডাকাতির প্রস্তুতিকালে একজনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) সোনারগাঁ থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদকসেবী হিসেবে গ্রেপ্তার হন মো. সাকিব মোল্লা সুমন (২৬), মো. শামীম (২৭), স্বপন মিয়া (৩২), মো. নাঈম (১৮) ও সাজিদুল (২৫)।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার তিনজন হলেন কাঁচপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক যুবলীগ সভাপতি রাজীব হাসান (৪১), সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও অর্থ জোগানদাতা হিসেবে উল্লেখ করা মো. সালাউদ্দিন সানি (৪০) এবং জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী হিসেবে উল্লেখ করা মেহেদী হাসান (২৬)।
এ ছাড়া ডাকাতির প্রস্তুতির অভিযোগে সোনারগাঁ উপজেলার নুনেরটেক গুচ্ছগ্রাম এলাকার মো. মজিবর (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন: