প্রকাশিত:
২৪ নভেম্বার ২০২৬, ১৪:২৫
ফতুল্লায় আওয়ামী লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত
নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগের কাছে দলীয় তথ্য পাচারের অভিযোগে কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি তৈয়বুর রহমানের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ স্থগিত করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কাজে জড়িত থাকা, দলে থেকে আওয়ামী লীগের কাছে তথ্য পাচার এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির ছবি থাকায় কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি তৈয়বুর রহমানের প্রাথমিক সদস্যপদসহ সব পদ স্থগিত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, আওয়ামী লীগ সরকারের এমপি-মন্ত্রীসহ অনেকের সঙ্গে তৈয়বুর রহমানের সুসম্পর্ক ছিল। নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। স্থানীয় আওয়ামী লীগের পলাতক নেতাদের কাছে বিএনপির তথ্য পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সবকিছু বিবেচনা করে দলীয় সিদ্ধান্তে তার সব পদ স্থগিত করা হয়েছে।
মন্তব্য করুন: