প্রকাশিত:
২৪ নভেম্বার ২০২৬, ১৬:৪২
বন্দরে দুই ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জের বন্দরে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুটি ইটভাটাকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটা দুটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার ফনকুল ও ফুলহর এলাকায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেসার্স চাচা ভাতিজা ব্রিকসকে এক লাখ টাকা এবং মেসার্স এ এইচ বি ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ৫(২) ধারায় এ জরিমানা করা হয়।
বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন। এ সময় বন্দর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা বা প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন: