info@narayanganjnewsexpress.com ২৪শে নভেম্বর ২০২৬, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩

সদরের প্রতিটি ইউনিয়নে হচ্ছে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
২৪ নভেম্বার ২০২৬, ১৭:৩৭

ছবি: সংগৃহীত

সদরের প্রতিটি ইউনিয়নে হচ্ছে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’

 

      

 

প্রাথমিক শিক্ষার্থীদের বইমুখী করতে উপজেলা প্রশাসনের উদ্যোগ, কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন করলেন জেলা প্রশাসক।  

 

নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সৃজনশীলতা বৃদ্ধি এবং জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভের আওতায় উপজেলার প্রতিটি ইউনিয়নে বিদ্যালয়ভিত্তিক ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

 

এ উদ্যোগের অংশ হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬১ নম্বর কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ উদ্বোধন করা হয়েছে। পাঠাগারটির উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

 

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

এর আগে একই উদ্যোগের আওতায় ৬০ নম্বর গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়েও ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের বিদ্যালয়ে এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে উপজেলা প্রশাসনের।

 

সংশ্লিষ্টদের মতে, বর্তমান সময়ে শিশু-কিশোরদের একটি বড় অংশ মোবাইল ফোন ও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে অধিক সময় ব্যয় করছে। ফলে পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জন, সৃজনশীল চিন্তা ও মননশীলতার বিকাশে বই পড়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিদ্যালয়ে পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি আনন্দময় শিক্ষার পরিবেশ সৃষ্টি করা সম্ভব হবে।

 

‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ শুধু বই পড়ার জায়গা নয়, বরং শিক্ষার্থীদের কৌতূহল, অনুসন্ধিৎসা, চিন্তাশক্তি ও মানবিক মূল্যবোধ বিকাশের একটি সহায়ক শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

উপজেলা প্রশাসনের এ পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রতিটি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের পাশাপাশি গল্প, উপন্যাস, বিজ্ঞান, ইতিহাস ও জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বই পড়ার সুযোগ পাবে। এতে শিশুদের মধ্যে নিয়মিত বই পড়ার সংস্কৃতি গড়ে ওঠার পাশাপাশি প্রযুক্তিনির্ভরতার বাইরে জ্ঞানচর্চা ও সৃজনশীলতার নতুন দ্বার উন্মোচিত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

 

শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞান, মননশীলতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলার ক্ষেত্রে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

বন্দরে বাড়তি টাকা নিয়েও নিয়মিত ময়লা না নেওয়ার অভিযোগ, রাস্তায় ফেলছেন বাসিন্দারা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লেজারার্স আবাসিক এলাকায় নিয়মিত বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ না করায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। ঘরে আবর্জনা জমে দুর্গন্ধ ছড়ানোয় বাধ্য হয়েই তা সড়ক ও খোলা স্থানে ফেলছেন স্থানীয়রা।

অভিযোগ উঠেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্ধারিত মাসিক ১০০ টাকা ফি-র তোয়াক্কা না করে ভবনের তলাভেদে ১৪০ থেকে ১৮০ টাকা পর্যন্ত আদায় করছেন পরিচ্ছন্নতাকর্মীরা। বাড়তি টাকা দিয়েও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, লেজারার্স আবাসিক এলাকায় ৫০টির বেশি বহুতল ভবনে কয়েক শ পরিবারের বসবাস। নাসিক প্রশাসন বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের জন্য মাসিক ১০০ টাকা ফি নির্ধারণ করে দিলেও সংগ্রহকারীরা তা মানছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক গৃহিণী অভিযোগ করে বলেন, "ভবনের তলাভেদে আমাদের কাছ থেকে মাসে ১৪০, ১৬০ ও ১৮০ টাকা করে নেওয়া হয়। সিটি করপোরেশনের নির্ধারিত রেটের চেয়ে বেশি টাকা দিলেও তারা নিয়মিত ময়লা নিতে আসেন না। অনেক সময় টানা এক সপ্তাহ পর্যন্ত কারও দেখা মেলে না।"
স্থানীয় ভাড়াটিয়া দীপা রানী দাস বলেন, "ময়লা সংগ্রহকারীরা ভবনের সর্বোচ্চ চারতলা পর্যন্ত ওঠেন। পাঁচতলা বা ছয়তলায় তারা উঠতে চান না। এতে ওপরের তলার বাসিন্দাদের প্রতিদিন ময়লা নিয়ে চরম বিড়ম্বনায় পড়তে হয়।"

সরেজমিনে লেজারার্স আবাসিক এলাকা ঘুরে দেখা যায়, এলাকার একটি খালি প্লটে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ গৃহস্থালি বর্জ্য জমে স্তূপ হয়ে আছে। সেই আবর্জনা উপচে মূল সড়কেও ছড়িয়ে পড়েছে। আবর্জনার তীব্র দুর্গন্ধে আবাসিক এলাকার বাসিন্দাদের পাশাপাশি ওই সড়ক দিয়ে চলাচলকারী পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নাকে রুমাল চেপে যাতায়াত করতে হচ্ছে।

বাসিন্দাদের আশঙ্কা, এভাবে খোলা জায়গায় ও সড়কে দীর্ঘদিন বর্জ্য পড়ে থাকায় আবাসিক এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে।

বাসিন্দাদের এসব অভিযোগ ও ভোগান্তির বিষয়ে জানতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড সচিব পনির হোসেন এবং বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তি শিবু দাসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান চেয়েছেন। তাদের দাবি—বাসাবাড়ি থেকে নিয়মিত বর্জ্য সংগ্রহ নিশ্চিত করতে হবে, সিটি করপোরেশনের নির্ধারিত মাসিক ১০০ টাকা ফি কার্যকর করতে হবে এবং সড়ক ও খালি প্লটে জমে থাকা আবর্জনার স্তূপ দ্রুত অপসারণ করে এলাকায় একটি কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর