প্রকাশিত:
২৫ নভেম্বার ২০২৬, ১৪:২৯
ফতুল্লায় কনস্টেবল হত্যা: রাতভর অভিযানে ৬ গ্রেপ্তার, গুলিবিদ্ধ ডেভিড
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরের হাশেমবাগ এলাকায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় রাতভর অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারদের মধ্যে রিয়াজ ওরফে ডেভিড নামে একজন পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে তার পায়ে আঘাত লাগে। তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ফতুল্লার দেওভোগ, নাগবাড়ি ও আশপাশের এলাকা ছাড়াও মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) সকালে জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশের পাশাপাশি পৃথক একটি অভিযানে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন হাশেমবাগ এলাকার রিয়াজ ওরফে ডেভিড, তার ভাই আব্দুল্লাহ, সহযোগী সামাদসহ আরও তিনজন। পুলিশের একটি দল চারজন এবং পৃথক আরেকটি দল আদর ও আজাদ নামে দুজনকে গ্রেপ্তার করেছে। আব্দুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদের ফতুল্লার দেওভোগ, নাগবাড়িসহ আশপাশের এলাকা থেকে আটক করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর রিয়াজ ওরফে ডেভিডকে নিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধারের অভিযানে গেলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ গুলি চালালে তার পায়ে লাগে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ হত্যা ছাড়াও মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
তবে এসব অভিযোগের সত্যতা তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।
হত্যাকাণ্ডের পরই অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে মামলা
গত ২২ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল আনোয়ার মোল্লা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে সেখানে গিয়েছিলেন।
পুলিশের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, এ সময় একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের আঘাতে গুরুতর আহত হন কনস্টেবল আনোয়ার। এএসআই সাত্তার দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পান। পরে আহত আনোয়ারকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরদিন ২৩ নভেম্বর ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলায় হত্যাকাণ্ডের পাশাপাশি সরকারি কাজে বাধা এবং পুলিশের ওপর হামলার অভিযোগও আনা হয়েছে। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই মো. রফিককে।
বেঁচে যাওয়া এএসআই সাত্তারকে কেন ক্লোজ ?
এই হত্যাকাণ্ডের পর আরেকটি বিষয় আলোচনায় এসেছে। হামলার সময় প্রাণে বেঁচে যাওয়া এএসআই আব্দুস সাত্তারকে ক্লোজ করা হয়েছে। ঘটনাস্থলে তার উপস্থিতি থাকলেও মামলা করার ক্ষেত্রে ফতুল্লা থানা পুলিশ অজ্ঞাতনামা আসামি হিসেবে মামলা দেওয়ার বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় রয়েছে।
আইন বিশেষজ্ঞদের অনেকের মতে অজ্ঞাত নামার কারণে পুলিশের হত্যাকারী চক্র মামলা থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বেঁচে যাওয়া এস আই সাত্তার সকল আসামিদের চিনলেও কেন তার তথ্য নিয়ে মামলায় নাম দিয়ে আসামি করা হলো না এনিও প্রশ্ন উঠেছে।
এসআই সাত্তার কে ক্লোজ করা হলেও রবিবারের মধ্যে অনেক কিছু নিয়েই তথ্য গোপনের অভিযোগ রয়েছে নগরি জুড়ে।
তবে তাকে ক্লোজ করার সুনির্দিষ্ট কারণ কিংবা হত্যাকাণ্ডের সময় তার ভূমিকা নিয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা প্রকাশিত হয়নি। ফলে ঘটনাস্থলে দুই পুলিশ সদস্যের অবস্থান, হামলার সময়কার পরিস্থিতি, সহকর্মীকে উদ্ধারের চেষ্টা এবং অভিযানের প্রস্তুতি নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে।
এএসআই সাত্তারকে ক্লোজ করা প্রশাসনিক পদক্ষেপ। এটিকে তার বিরুদ্ধে অপরাধের প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই। তবে ঘটনার প্রকৃত পরিস্থিতি জানতে বিভাগীয় তদন্তের ফলাফল গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
হাশেমবাগে মাদক ও অপরাধী চক্রের প্রভাব কতটা ?
কনস্টেবল আনোয়ার হত্যার ঘটনায় হাশেমবাগ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, ওই এলাকায় মাদকের একাধিক স্পট রয়েছে। অতীতে সেখানে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে।
তবে শুধু মাদক কারবারিদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সূত্র ধরে এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, তা চূড়ান্তভাবে নির্ধারণ করা যাবে না। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার কী ভূমিকা ছিল, হামলায় কারা সরাসরি অংশ নিয়েছিল এবং হত্যার পেছনে পূর্বপরিকল্পনা ছিল কি না, তা তদন্তে বেরিয়ে আসা জরুরি।
যে প্রশ্নগুলোর উত্তর এখনো মেলেনি
কনস্টেবল আনোয়ার হত্যার ঘটনায় ছয়জন গ্রেপ্তারের মধ্য দিয়ে তদন্তে অগ্রগতি এসেছে। কিন্তু হত্যাকাণ্ডের পুরো রহস্য উদ্ঘাটনে এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রয়োজন।
সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের অভিযানে দুই পুলিশ সদস্যের নিরাপত্তা ও সহায়তার ব্যবস্থা কী ছিল ?
হামলার আগে পুলিশ সদস্যদের উপস্থিতি সম্পর্কে হামলাকারীরা কীভাবে জানতে পেরেছিল ?
হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া ব্যক্তিদের সবাইকে কি শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে ?
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়েছে কি না এবং উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না ?
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণে কারা চিহ্নিত হয়েছেন ?
হাশেমবাগ এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ থাকলে সেগুলো নিয়ন্ত্রণে আগে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল ?
সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, সদর থানা পুলিশের এসআই সাত্তার ও কনস্টেবল আনোয়ার ফতুল্লার হাসেমবাগে তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে আইনগত সকল প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কিনা এনিও প্রশ্ন উঠেছে সর্বত্র।
কনস্টেবল আনোয়ার মোল্লা ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের বাসিন্দা। ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশে যোগদান করেছিলেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত প্রায় আট বছর নয় মাস দায়িত্ব পালন করেছেন।
একজন পুলিশ সদস্যের এমন হত্যাকাণ্ড কেবল একটি পরিবারের অপূরণীয় ক্ষতি নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তা নিয়েও গুরুতর প্রশ্ন তৈরি করেছে। ছয়জনকে গ্রেপ্তার করেই যেন তদন্তের সমাপ্তি না ঘটে। হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ, পরিকল্পনাকারী, সরাসরি হামলাকারী এবং অপরাধী চক্রের সম্ভাব্য পৃষ্ঠপোষকদের শনাক্ত করাই এখন পুলিশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
আনোয়ার হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং দোষীদের বিচারের আওতায় আনার মধ্য দিয়েই এই ঘটনার যথাযথ পরিণতি নিশ্চিত হতে পারে।
মন্তব্য করুন: