প্রকাশিত:
২৬ অক্টোবার ২০২৬, ২২:১৭
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে কেক কাটা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শুরু হয়। পরে সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি আনন্দ র্যালি বের করা হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের পাশাপাশি যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাহুল আরফিন বলেন,
“গণঅধিকার পরিষদের পাঁচ বছরের পথচলা অধিকার আদায়, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের ন্যায্য দাবি আদায়ের সংগ্রামের ইতিহাস। আমরা চাই, দেশে মানুষের ভোটাধিকার, গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠিত হোক। জনগণের অধিকার রক্ষায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। নারায়ণগঞ্জ মহানগরেও সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে আমরা কাজ করছি।”
তিনি আরও বলেন, “দেশের মানুষের প্রত্যাশা পূরণে গণঅধিকার পরিষদকে জনগণের পাশে থাকতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি মানুষের সমস্যা ও অধিকার নিয়ে আমাদের ধারাবাহিকভাবে কাজ করতে হবে।”
কেক কাটা ও আনন্দ র্যালির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন শেষ হয়।
মন্তব্য করুন: