প্রকাশিত:
২৬ নভেম্বার ২০২৬, ১৫:১৮
১২নং ওয়ার্ডকে আধুনিক ও পরিচ্ছন্ন ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই: সাখাওয়াত
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে যেসব উন্নয়ন প্রকল্প এখনো বাকি রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। এ এলাকার বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আমরা ১২ নম্বর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের ডনচেম্বার মসজিদ থেকে ব্যাংক কলোনি হয়ে খানপুর বউবাজার পর্যন্ত সড়ক নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, ‘শুধু রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন করলেই হবে না, সমাজের মধ্যেও ন্যায়বিচার ও সুশৃঙ্খল পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে। এলাকায় কোথাও যেন ময়লা-আবর্জনা পড়ে না থাকে, সেদিকে সবাইকে সচেতন হতে হবে। নিজেদের বাসাবাড়ি, দোকানপাট ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে জনপ্রতিনিধিদের পাশাপাশি এলাকাবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
চাঁদাবাজি ও মাদকসেবনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা এমন একটি সমাজ চাই, যেখানে কোনো ধরনের চাঁদাবাজি ও মাদকাসক্তি থাকবে না। কোনো দোকানদার, ব্যবসায়ী কিংবা সাধারণ মানুষ যেন চাঁদাবাজির শিকার না হন। সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব অপরাধ প্রতিরোধ করতে হবে। স্থানীয়ভাবে কেউ চাঁদাবাজি বা মাদকসংক্রান্ত অপরাধে জড়িত থাকলে প্রথমে সামাজিকভাবে প্রতিরোধের চেষ্টা করবেন। প্রয়োজনে স্থানীয় কাউন্সিলর ও আমাদের জানাবেন। আমরা প্রশাসনের মাধ্যমে এসব অপরাধ নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
তিনি আরও বলেন, ‘এলাকার উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। জনগণের সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধান করাই আমাদের মূল লক্ষ্য। ১২ নম্বর ওয়ার্ডের মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন এবং একটি সুন্দর পরিবেশে বসবাস করতে পারেন, সে লক্ষ্যে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।’
এ সময় উপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত হাশেম শকুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।
মন্তব্য করুন: