info@narayanganjnewsexpress.com সোমবার, ২৬শে অক্টোবর ২০২৬, ১১ই কার্তিক ১৪৩৩

বন্দরে অটোরিকশা পার্কিং নিয়ে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
২৬ অক্টোবার ২০২৬, ২২:২৬

ছবি: সংগৃহীত

বন্দরে অটোরিকশা পার্কিং নিয়ে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

 

নারায়ণগঞ্জের বন্দরে অটোরিকশা পার্কিংকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে বন্দর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ বন্দর থানায় পৃথক লিখিত অভিযোগ দিয়েছে।

 

এক পক্ষের অভিযোগকারী অটোচালক মো. রুবেল (৩২) জানান, সকাল ১১টার দিকে বন্দর ঘাটের সামনে নবীগঞ্জ স্ট্যান্ডের এক অজ্ঞাতনামা চালক সড়ক আটকে অটোরিকশা পার্ক করেন। রাস্তা বন্ধ করে পার্কিং করতে নিষেধ করলে তাঁর সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সেলিম ভাঙ্গারি (৪৫), রিংকন (২৫)সহ ২০ থেকে ২৫ জন তাঁকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।

 

রুবেলের দাবি, হামলাকারীদের কয়েকজনের হাতে রামদা, চাকু ও এসএস পাইপ ছিল। তাঁর চিৎকার শুনে বন্দর চৌধুরীবাড়ি স্ট্যান্ডের কয়েকজন চালক এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) ভর্তি করেন। হামলাকারীরা তাঁকে হত্যার হুমকিও দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।

 

অন্যদিকে অজিত (৪২)সহ কয়েকজনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন মো. সেলিম (৫০)। তাঁর অভিযোগ, সকাল ৯টার দিকে তাঁর ভাতিজা জোনাক (৩৫) বন্দর ঘাটে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যাত্রীর অপেক্ষায় ছিলেন। এ সময় অজিতসহ কয়েকজন তাঁকে স্ট্যান্ড ছেড়ে চলে যেতে বলেন। কারণ জানতে চাইলে জোনাককে মারধর করে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয়।

 

সেলিমের দাবি, ভাতিজাকে মারধরের কারণ জানতে গেলে তাঁকেও মারধর করা হয়। একপর্যায়ে অজিত সুইচগিয়ার চাকু দিয়ে তাঁর বুকে আঘাতের চেষ্টা করেন। হাত দিয়ে ঠেকাতে গিয়ে তাঁর বাম হাতের তালু কেটে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, অটোরিকশা পার্কিং নিয়ে ঘটনার সূত্রপাত। বাকবিতণ্ডা ও হামলার ঘটনায় উভয় পক্ষের দুটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর