info@narayanganjnewsexpress.com ২৬শে নভেম্বর ২০২৬, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে ডিবি'র পৃথক অভিযানে ১৬০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
২৬ নভেম্বার ২০২৬, ২০:২৮

ছবি: সংগৃহীত

ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে ডিবি'র পৃথক অভিযানে ১৬০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪

 

নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক দুটি অভিযানে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারি ক্যাম্পের বাসিন্দা রমজান (৩২) রয়েছেন। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

 

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের ওয়াটার ওয়ার্কস রোডে নীট কনসান গার্মেন্টসের প্রধান ফটকের সামনে এবং ফতুল্লার সাইনবোর্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের ওয়াটার ওয়ার্কস রোডে অভিযান চালিয়ে রমজান ও শান্ত নামের দুজনকে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারি ক্যাম্পের বাসিন্দা।

 

অন্যদিকে রাত সাড়ে ৩টার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকার থামানোর সংকেত দেয় ডিবি পুলিশ। এ সময় পালানোর চেষ্টা করলে গাড়িটি আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে দুই আরোহীর কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সোহেল (২৬) ও রাকিব (৩৪) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বাড়ি গাজীপুর ও ঢাকার খিলক্ষেত এলাকায়।

 

গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া ঢাকা মেট্রো-গ-২৫-৩২২১ নম্বরের প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

 

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে ডিবি 'খ' জোনের পরিদর্শক রেজাউল ইসলামের নেতৃত্বে এসআই আনোয়ার হোসেন ও এসআই বিপুল হোসেনসহ একটি দল অভিযান দুটি পরিচালনা করে। জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় মাদক ও অস্ত্র উদ্ধারের চলমান অভিযানের অংশ হিসেবে এসব অভিযান চালানো হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর