প্রকাশিত:
২৬ নভেম্বার ২০২৬, ২১:১৯
ভালো ফলাফল অর্জনকারী ৩ শিক্ষার্থীকে বিনা খরচে ভর্তি করানো হবে : দিদার
নারায়ণগঞ্জের ২৭ নং লক্ষ্মীনারায়ণ সরকারি বালিকা বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদায়ী ছাত্রীদের শুভেচ্ছা উপহার, সকালের নাস্তা ও খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শওকতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইকবাল আহমেদ।
এছাড়া বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ইহান খান, কল্যাণ কমিটির সভাপতি দিদার খন্দকার, সাধারণ সম্পাদক দিলীপ দে, পিটিএ সভাপতি নাসির হোসেন, প্রদীপ কুমার সাহা, পারভেজ আলম, সনেট আহমেদসহ বিদ্যালয়ের শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রী ইহান খানের পক্ষ থেকে বিদায়ী ছাত্রীদের জ্যামিতি বক্স উপহার দেওয়া হয়। পাশাপাশি ছাত্রীদের জন্য সকালের নাস্তা ও খাবারের প্যাকেটের ব্যবস্থা করা হয়।
এ সময় কল্যাণ কমিটির সভাপতি দিদার খন্দকার ঘোষণা দেন, বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী প্রথম তিনজন শিক্ষার্থীকে তাঁর পক্ষ থেকে বিনা খরচে ভর্তি করানো হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শওকতুল্লাহ বলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার বিদ্যালয়গুলোর ভবন উন্নয়নের তালিকায় লক্ষ্মীনারায়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম অবস্থানে রয়েছে। নারায়ণগঞ্জে নতুন কোনো বিদ্যালয় ভবন বরাদ্দ এলে এ বিদ্যালয়ের বরাদ্দকে অগ্রাধিকার দেওয়া হবে।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং শিক্ষাজীবনে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন: