info@narayanganjnewsexpress.com ২৭শে অক্টোবর ২০২৬, ১২ই কার্তিক ১৪৩৩

বন্দরে প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, আহত -১

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
২৭ অক্টোবার ২০২৬, ২০:৫৫

ছবি: সংগৃহীত

বন্দরে প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, আহত -১

 

নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় পারভীন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ৮ বছর বয়সী ভাতিজি ছোঁয়া গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

সোমবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মহাসড়কের কুমিল্লামুখী লেনে বন্দর উপজেলার পূর্ব কেওডালা মুসলিমপাড়া এলাকার ‘রহমান স্পোর্টস বিল্ডিং’-এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত পারভীন পূর্ব কেওডালা এলাকার মুনসুর আলীর মেয়ে। আহত ছোঁয়া একই এলাকার মো. রুবেলের মেয়ে এবং নিহতের ভাইয়ের মেয়ে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে পারভীন তাঁর শিশু ভাতিজি ছোঁয়াকে নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় কুমিল্লাগামী একটি প্রাইভেটকার (কুমিল্লা-গ-১১-০২৩৯) তাঁদের সজোরে ধাক্কা দেয়। এতে দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

 

দুর্ঘটনার পরপরই প্রাইভেটকারচালক মো. মেহেদী হাসান পলাশ (৩১) আহতদের উদ্ধার করে স্থানীয় আল বারাকাহ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাঁদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাত ৭টা ৫ মিনিটে পারভীনকে মৃত ঘোষণা করেন। আহত ছোঁয়া বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট আল মামুন জানান, দুর্ঘটনার পর চালক নিজেই আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ অভিযুক্ত চালক পলাশকে আটক করেছে এবং দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর