প্রকাশিত:
২৭ অক্টোবার ২০২৬, ২১:০০
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযান, সিলগালা তিন প্রতিষ্ঠান
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পণ্যের মান ও পরিমাণ নিয়ে অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠান সিলগালা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিএসটিআইয়ের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে।
সিলগালা করা প্রতিষ্ঠানগুলো হলো সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়ার জিহাদ ফুড প্রোডাক্ট, পশ্চিম মিজমিজি কান্দাপাড়ার আল আমিন প্লাস্টিক এবং হিমালয়া ডিস্ট্রিবিউশন কোম্পানি।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জিহাদ ফুড প্রোডাক্টে অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই সস উৎপাদন করা হচ্ছিল। পাশাপাশি পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
অন্যদিকে, আল আমিন প্লাস্টিকে ভোজ্যতেল প্যাকেজিংয়ের জন্য তৈরি প্লাস্টিকের বোতলের ধারণক্ষমতায় নির্ধারিত পরিমাপের ব্যত্যয় পাওয়া যায়। আর হিমালয়া ডিস্ট্রিবিউশন কোম্পানির বিভিন্ন আকারের সয়াবিন তেলের বোতলে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল থাকার বিষয়টি শনাক্ত করেন ভ্রাম্যমাণ আদালত।
পরিদর্শনে ১ হাজার ৮০০ মিলিলিটারের বোতলে ৭০ মিলিলিটার, দুই লিটারের বোতলে ৪০০ মিলিলিটার এবং এক লিটারের বোতলে ২৫ মিলিলিটার তেলের ঘাটতি পাওয়া যায়। এ ছাড়া প্রয়োজনীয় পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়াই তেল প্যাকেটজাত ও বিক্রি এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে।
অভিযানের সময় তিনটি প্রতিষ্ঠানের মালিক বা তাঁদের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে প্রতিষ্ঠানগুলো সিলগালা করা হয়।
বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মো. ইয়াছির আরাফাত ও পরিদর্শক মো. হাফিজুর রহমান।
এ সময় বিএসটিআই নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক কে এম হানিফ এবং সহকারী পরিচালক মো. রাকিবুল আলম ও ইবাদত মানিক উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন: