info@narayanganjnewsexpress.com ৩০শে অক্টোবর ২০২৬, ১৫ই কার্তিক ১৪৩৩

মানব সেবার পরিকল্পনা নিয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রিয়াদ মোহাম্মদ চৌধুরী

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
৩০ অক্টোবার ২০২৬, ২১:৩৪

ছবি: সংগৃহীত

মানব সেবার পরিকল্পনা নিয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রিয়াদ মোহাম্মদ চৌধুরী

 

শনিবার অনুষ্ঠিক হতে যাওয়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে টিপু-নবী প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী। শহরকেন্দ্রিক নেতৃত্বের বাইরে ফতুল্লা অঞ্চল থেকে তাঁর অংশগ্রহণ নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে।

 

ফতুল্লার ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সন্তান রিয়াদ মোহাম্মদ চৌধুরী রাজনৈতিক, ব্যবসায়িক ও সামাজিক অঙ্গনে পরিচিত মুখ। স্থানীয় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। তাঁর উদ্যোগ ও অর্থায়নে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়, ফতুল্লা বাজার, স্থানীয় মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নকাজ হয়েছে বলে তাঁর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন। পাশাপাশি ক্রীড়াঙ্গনেও বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তিনি।

 

তাঁর সমর্থকদের প্রত্যাশা, রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হলে মানবিক কর্মকাণ্ডে নিজের অভিজ্ঞতা ও সামর্থ্য কাজে লাগাবেন রিয়াদ। তাঁদের মতে, তাঁর সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা নারায়ণগঞ্জে রেড ক্রিসেন্টের সেবামূলক কার্যক্রম সম্প্রসারণে ভূমিকা রাখতে পারে।

 

নির্বাচনে অংশগ্রহণ ও সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, সাধারণ মানুষ ও ভোটারদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে রেড ক্রিসেন্টকে আরও জনকল্যাণমূলক ও মানবিক সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে চান তিনি।

 

তিনি বলেন, রেড ক্রিসেন্ট নিয়ে সাধারণ মানুষ ও ভোটারদের যে প্রত্যাশা ও চিন্তাভাবনা রয়েছে, সেগুলো বাস্তবায়নে কাজ করবেন। দেশের পরিবর্তনের ধারার সঙ্গে তাল মিলিয়ে নারায়ণগঞ্জেও নতুনভাবে কাজের পরিবেশ তৈরি করতে চান তাঁরা।

 

রিয়াদ আরও বলেন, সেই পরিবর্তনের প্রথম ধাপ হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাবদিহিমূলক, অংশগ্রহণমূলক ও উন্মুক্ত নির্বাচন। তিনি আশা প্রকাশ করেন, নারায়ণগঞ্জের সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠন এবং পেশাজীবী সংগঠনগুলোতেও গণতান্ত্রিক চর্চা চালু হবে। ভোটাররা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের নেতৃত্ব নির্বাচিত করবেন।

 

তিনি বলেন, রেড ক্রিসেন্ট একটি আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠান। বিভিন্ন প্ল্যাটফর্মে জনকল্যাণমূলক ও মানবিক কাজে যুক্ত ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টায় সমাজের সর্বস্তরের মানুষের কাছে এ প্রতিষ্ঠানের সেবা পৌঁছে দিতে চান তিনি। তাঁর প্রত্যাশা, রেড ক্রিসেন্টকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের নতুন পরিসর তৈরি হবে।

 

নির্বাচিত হলে নিজের পরিকল্পনা তুলে ধরে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, মানবসেবার জন্য রেড ক্রিসেন্ট একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এককভাবে মানবসেবা করা আর সংঘবদ্ধভাবে মানবসেবা করার মধ্যে পার্থক্য রয়েছে। সংঘবদ্ধ উদ্যোগের মাধ্যমে মানুষের দোরগোড়ায় সহজে সেবা পৌঁছে দেওয়া সম্ভব। নির্বাচিত হলে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি।

 

তাঁর পরিকল্পনার মধ্যে রয়েছে নারায়ণগঞ্জে একটি শক্তিশালী ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী বাহিনী গড়ে তোলা, প্রতিটি থানা ও গুরুত্বপূর্ণ এলাকায় স্বেচ্ছায় রক্তদাতাদের তালিকা তৈরি এবং ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর, আড়াইহাজার ও রূপগঞ্জসহ বিভিন্ন এলাকায় দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবী দল গঠন।

 

এ ছাড়া স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে রেড ক্রিসেন্ট ইয়ুথ কার্যক্রম সম্প্রসারণ, অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা ও শিল্পকারখানার দুর্ঘটনায় দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা তৈরি এবং নিয়মিত প্রাথমিক চিকিৎসা, অগ্নিনিরাপত্তা ও উদ্ধার প্রশিক্ষণের আয়োজন করতে চান তিনি।

 

আজীবন সদস্যদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি আয়-ব্যয়, অনুদান, প্রকল্প ও কার্যক্রমে স্বচ্ছতা এবং জবাবদিহি প্রতিষ্ঠার বিষয়েও গুরুত্ব দিতে চান রিয়াদ। তাঁর ভাষ্য, পরিকল্পনাগুলো সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

 

নির্বাচন-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট নবী হোসেন। বাকি পদগুলোতে ভোটগ্রহণ হবে দুটি ব্যালটে। এর মধ্যে সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন এবং কার্যনির্বাহী সদস্য পদে আটজন।

 

নির্বাচনে একজন ভোটারকে মোট ছয়টি ভোট দিতে হবে। সেক্রেটারি পদে একটি এবং কার্যনির্বাহী সদস্য পদে পাঁচটি ভোট দিতে হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর