
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে ভাবি ও তাঁর আট বছর বয়সী ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় দেবর সাদিকুর রহমান সাদেককে মৃত্যুদণ্ড দিয়েছেন নারায়ণগঞ্জের একটি আদালত। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন।
আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০২২ সালের ২ জুলাই রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এই জঘন্য হত্যাকাণ্ড ঘটে। নিহত রাজিয়া সুলতানা কাকলী তাঁর দেবর সাদিকুর রহমানের কাছে টাকা ধার দিতে অস্বীকার করলে সাদিকুর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর তিনি ধারালো বটি দিয়ে রাজিয়াকে কুপিয়ে হত্যা করেন। এখানেই শেষ নয়, সাদিকুর ঘুমন্ত অবস্থায় রাজিয়ার আট বছর বয়সী ছেলে তালহাকেও একইভাবে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর ঘাতক সাদিকুর আলমারিতে থাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।
পরদিন নিহত রাজিয়ার মা তাসলিমা আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় ঘোষণা করলেন। এই রায়ের মধ্য দিয়ে নিহতদের পরিবার কিছুটা হলেও ন্যায়বিচার পেল বলে মনে করছেন স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :