কাঁচপুরে মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ৫ জন আহত, আটক ১


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ২:৪৫ অপরাহ্ন / ১০০০
কাঁচপুরে মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ৫ জন আহত, আটক ১

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারী) দিবাগত গভীর রাতে কাঁচপুরের পারটেক্স খেলার মাঠে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয় জনতা অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

আহতরা হলেন— নিরব মিয়া, মো. সুজন, কাউসার মিয়া, সোহান ও চঞ্চল। তারা সবাই কাঁচপুরের রায়েরটেক এলাকার বাসিন্দা।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিরব মিয়ার একটি মোবাইল ফোন চুরির অভিযোগ ওঠে আমিন মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় বুধবার রাতে নিরবসহ ৫-৭ জন আমিনের কাছে মোবাইল ফেরত চেয়ে চাপ প্রয়োগ করে। পরে আমিন মোবাইল ফেরত দেওয়ার কথা বলে তাদের পারটেক্স খেলার মাঠে নিয়ে যায়।

সেখানে কথাকাটাকাটির এক পর্যায়ে আমিন মিয়া ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে পাঁচজন গুরুতর আহত হন।

ঘটনার পর আহতদের স্বজন ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমিন মিয়াকে গণপিটুনি দিয়ে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় নিরব মিয়ার খালা শিউলি রাত ৩টার দিকে সোনারগাঁও থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তকে থানায় আটক রাখা হয়েছে। মামলাটি নথিভুক্ত করে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

স্থানীয়দের মতে, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে এমন সহিংসতা উদ্বেগজনক। তারা এলাকায় আইনশৃঙ্খলা জোরদার এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।