সোনারগাঁয়ে সুদের টাকার জেরে মারধরের অভিযোগ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২০, ২০২৬, ৫:০৬ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে সুদের টাকার জেরে মারধরের অভিযোগ

 

প্রচ্ছদ

নগরের বাইরে

সোনারগাঁয়ে সুদের টাকার জেরে মারধরের অভিযোগ

সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বেলাবো গ্রামে সুদের টাকা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করার পাশাপাশি তার কাছ থেকে নগদ অর্থ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বেলাবো গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি হলেন ওই গ্রামের মো. মিয়া হোসেনের ছেলে মো. আবুল বাশার (৪৫)।

এ ঘটনায় একই এলাকার মো. সেরাজুল ইসলামের ছেলে সুদি কারবারি মো. নূর নবী (৪০), সেরু মিয়ার ছেলে কথিত ইয়াবা ব্যবসায়ী মো. আবু সাঈদ (৪২) এবং পার্শ্ববর্তী পেরাব এলাকার আরিফ মিয়ার ছেলে মো. সাওন মিয়ার (৩০) বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

আহত মো. আবুল বাশার বাদী হয়ে সোনারগাঁ থানার তালতলা তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. আবুল বাশার প্রায় চার মাস আগে পাঁচ মাস মেয়াদে অভিযুক্ত মো. আবু সাইদের কাছ থেকে সুদে ১০ হাজার টাকা নেন। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই আবু সাইদ টাকার জন্য তাগিদ দিতে থাকেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আবুল বাশার নগদ ২৫ হাজার টাকা নিয়ে হাটে যাওয়ার পথে অভিযুক্তরা তার পথরোধ করে সুদের টাকা দাবি করেন। তিনি মেয়াদ শেষে টাকা পরিশোধ করবেন জানালে তাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়।

একপর্যায়ে অভিযুক্ত মো. আবু সাইদ ও মো. সাওন মিয়া কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে তাকে মাটিতে ফেলে দেন এবং তার সঙ্গে থাকা নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে ইফতারের আগে আরও ১০ হাজার টাকা দেওয়ার জন্য চাপ দিয়ে প্রাণনাশের হুমকি দেন।

এ সময় আবুল বাশারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

এ বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হক বলেন, “আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”