সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবা বহন : মাদক কারবারি আটক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবা বহন : মাদক কারবারি আটক

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ইয়াবা বহনের সময় এনামুল হক (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তাঁর কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) রাত ১১টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সানারপাড় এলাকায় মহাসড়কের দক্ষিণ পাশে মেসার্স জোনাকি ফিলিং স্টেশনের সামনে ‘তিশা প্লাস’ নামের একটি পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা এনামুল হকের কাছে থাকা ব্যাগ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার এনামুল হক কক্সবাজার জেলার মহেশখালী থানার মাতারবাড়ি ইউনিয়নের সরদারপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আলী আকবর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক কাজী কামরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।