ফতুল্লায় প্রতিপক্ষের হামলায় সন্ত্রাসী ‘কিলার বাবু’ নিহত


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় প্রতিপক্ষের হামলায় সন্ত্রাসী ‘কিলার বাবু’ নিহত

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রিয়াজ উদ্দিন বাবু (৩৮) ওরফে ‘কিলার বাবু’ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সহযোগী লিটন (৩৮) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে ফতুল্লার পঞ্চবটি এলাকায় দেশীয় ধারালো অস্ত্র নিয়ে একদল হামলাকারী তাঁদের ওপর হামলা চালায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াজ উদ্দিন বাবুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত লিটনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নাঈম (৩৫), মামুন (৪০), সেলিম (৪০) ও শাকিল (৪০) নামের চারজনসহ অজ্ঞাত আরও ১২–১৫ জন জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাঁরা রামদা, চাপাতি ও ছুরিসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বাবু ও লিটনের ওপর হামলা চালিয়ে পালিয়ে যান।
নিহত রিয়াজ উদ্দিন বাবু ফতুল্লার শান্তিনগর বাজার এলাকার হাফিজ উদ্দিন মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, তিনি এলাকায় ‘ন্যাড়া বাহিনী’ নামে একটি ছিনতাইকারী চক্রের নেতৃত্ব দিতেন এবং ‘কিলার বাবু’ নামে পরিচিত ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
ফতুল্লা থানা পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ও‌সি) আব্দুল মান্নান বলেন, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।