মাদক, সন্ত্রাস ও ইভটিজিং নির্মূল করতে সবাইকে কাজ করতে হবে: রিয়াদ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মার্চ ৬, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন / ১০০০
মাদক, সন্ত্রাস ও ইভটিজিং নির্মূল করতে সবাইকে কাজ করতে হবে: রিয়াদ

ফতুল্লায় ‘লালপুর পঞ্চায়েত কমিটি’ গঠনকে কেন্দ্র করে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ রমজান) বিকেলে লালপুর কানন কিন্ডারগার্টেন স্কুল সংলগ্ন মাঠে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফতুল্লা ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য কাজী মাইনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিং নির্মূল করতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এসব অপরাধ তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সামাজিক শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। তাই প্রশাসনের পাশাপাশি এলাকাবাসী, জনপ্রতিনিধি ও সচেতন মহলকে একযোগে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

রিয়াদ মোহাম্মদ চৌধুরী আরও বলেন, লালপুর এলাকায় পানি নিষ্কাশনের সমস্যা দীর্ঘদিন ধরে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে।

এ ছাড়া কিশোর গ্যাংয়ের অপতৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে। তাদের খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথি ও এলাকাবাসীর অংশগ্রহণে ইফতার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন