রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৪০ লাখ টাকার মালামাল লুট


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৬, ৪:৫৫ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৪০ লাখ টাকার মালামাল লুট

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকায় ব্যবসায়ী মাছুম দেওয়ানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইলফোনসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

 

রোববার (২৯ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, মুখোশ পরিহিত ১০-১২ সদস্যের একটি ডাকাতদল চাপাতি, চাইনিজ কুড়াল, ছুরি ও পিস্তলসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির নিচতলার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা মাছুম দেওয়ান ও তার স্ত্রী মিতু বেগমসহ পরিবারের সদস্যদের হাত-পা ও চোখ-মুখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে।

 

ডাকাতরা আলমারি ভেঙে ১৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ ৬০ হাজার টাকা এবং মোবাইলফোনসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নেয়। একপর্যায়ে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে প্রাণনাশের হুমকি দিয়ে ডাকাতরা পালিয়ে যায়।

 

এ ঘটনায় ভুক্তভোগী মাছুম দেওয়ান রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।