
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুই অভিযানে মোট ১৩ হাজার ৯৮০ লিটার অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল জব্দ করেছে জেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ। এ ঘটনায় দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোদনাইল এলাকার মেঘনা ডিপো সংলগ্ন বাসস্ট্যান্ড রোডের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৪ হাজার ৮৮০ লিটার ডিজেল জব্দ করা হয়।
অভিযানে আটক নাসির (৫০)-কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে একই দিন সন্ধ্যায় গোদনাইল এলাকায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপোর পাশে আরেকটি অভিযানে ৯ হাজার ১০০ লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুদ অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় মো. সিফাত-কে দুই মাসের কারাদণ্ড ও ছয় হাজার টাকা জরিমানা করা হয়। স্থানীয়রা জানান, মজুদ তেলের মালিক আওয়ামী লীগ নেতা সিরাজ মন্ডলের ছেলে জাহিদ।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক।
জেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :