নারায়ণগঞ্জের ফতুল্লায় দূষণকারী ৩ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৬, ৬:০২ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জের ফতুল্লায় দূষণকারী ৩ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় দূষণকারী ৩ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

 

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ইটিপি ছাড়াই তরল বর্জ্য উৎপাদনকারী তিনটি অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এসব প্রতিষ্ঠানের বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হয় এবং মিটার খুলে নেওয়া হয়।

 

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুনিম সোহানা। অভিযানে জেলা পুলিশ, ডিপিডিসি এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

 

অভিযানে ফতুল্লা এলাকার তিনটি কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো—ইসদাইর এলাকার বাংলাদেশ ডাইং অ্যান্ড প্রসেসিং ইন্ডাস্ট্রি, কুতুবআইল এলাকার বিসমিল্লাহ নিট ডাইং অ্যান্ড ফিনিশিং মিল এবং সস্তাপুর এলাকার হাজী রসুল ডাইং। এসব কারখানায় ইটিপি না থাকায় সেগুলো থেকে অপরিশোধিত তরল বর্জ্য পরিবেশে নিঃসরণের অভিযোগ রয়েছে।

 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারী শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।