
সিদ্ধিরগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই শিশু বোনকে যৌন নিপীড়নের অভিযোগে হারুন মিয়া (৫২) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী দুই শিশু, বয়স ৯ ও ৮ বছর। সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া এলাকায় হাজী মমিন মিয়ার বাড়িতে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ও অভিযুক্ত একই বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
গ্রেপ্তারকৃত হারুন মিয়া চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার তারাপাল্লা এলাকার আব্দুল মান্নানের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখ বিকেল আনুমানিক ৩টার দিকে প্রতিবেশী ভাড়াটিয়া হারুন মিয়া শিশু দুই বোনকে তার কক্ষে ডেকে নিয়ে যায়। প্রথমে তাদের খাবার খাওয়ানো হয় এবং পরে মোবাইলে গেম খেলার প্রলোভন দেখিয়ে তাদের ওপর যৌন নিপীড়ন চালানো হয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পরদিন বুধবার রাত আনুমানিক ১০টার দিকে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। বাড়ির মালিক হাজী মমিন মিয়া স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে একটি সালিশি বৈঠকের আয়োজন করেন। বৈঠকে মাতবররা অভিযুক্ত হারুন মিয়াকে জুতা পেটা, কান ধরে উঠবস করানোসহ নগদ ২০ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে তার বাসায় থাকা একটি ফ্রিজ বিক্রি করে ১০ হাজার টাকা আদায় করা হয় এবং বকেয়া ভাড়া সমন্বয় করা হয়।
তবে ভুক্তভোগী পরিবার এ ধরনের আপস মেনে না নিয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। এর প্রেক্ষিতে বুধবার রাত আনুমানিক ৩টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আতাউর রহমান অভিযান চালিয়ে অভিযুক্ত হারুন মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, যৌন নিপীড়নের ঘটনায় ভুক্তভোগী শিশুদের পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :