ডিজেল সংকটে বন্দর সেন্ট্রাল ঘাটে ট্রলার চলাচল বন্ধের আশঙ্কা! 


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২৬, ৯:৪২ অপরাহ্ন / ১০০০
ডিজেল সংকটে বন্দর সেন্ট্রাল ঘাটে ট্রলার চলাচল বন্ধের আশঙ্কা! 

ডিজেল সংকটে বন্দর সেন্ট্রাল ঘাটে ট্রলার চলাচল বন্ধের আশঙ্কা!

 

নারায়ণগঞ্জের বন্দর সেন্ট্রাল ঘাটে ডিজেল সংকটের কারণে ট্রলার চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

 

ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে যে পরিমাণ ডিজেল মজুত রয়েছে, তা দিয়ে আজ রাত পর্যন্ত কোনোরকমে ট্রলার চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হলেও আগামীকাল সকাল থেকে জ্বালানি সংকটের কারণে সম্পূর্ণভাবে যাত্রী পারাপার বন্ধ হয়ে যেতে পারে।

 

ঘাট ইজারাদার দিদার খন্দকার এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, হঠাৎ করেই ডিজেলের সরবরাহ ব্যাহত হওয়ায় ট্রলার পরিচালনা মারাত্মকভাবে সংকটে পড়েছে। এতে করে প্রতিদিন এই রুটে যাতায়াতকারী হাজারো সাধারণ যাত্রী চরম ভোগান্তির মুখে পড়বেন। বিশেষ করে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে।

 

তিনি আরও বলেন, বর্তমানে যে পরিমাণ ডিজেল রয়েছে, তা দিয়ে আজ রাত পর্যন্ত ট্রলার চালানো সম্ভব। তবে নতুন করে ডিজেলের সরবরাহ নিশ্চিত না হলে আগামীকাল সকাল থেকে ট্রলার চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

 

এ অবস্থায় সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিআইডব্লিউটিএ, সদর থানা ও নৌ থানার প্রতি দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ডিজেল সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান দিদার খন্দকার।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দর সেন্ট্রাল ফেরিঘাট নারায়ণগঞ্জের একটি গুরুত্বপূর্ণ নৌপথ, যেখানে প্রতিদিন হাজারো মানুষ নদী পারাপার করে থাকে। ট্রলার চলাচল বন্ধ হয়ে গেলে বিকল্প ব্যবস্থার অভাবে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হবে।