সোনারগাঁওয়ে ২০২৫ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা, ১১ শিক্ষককে অব্যাহতি


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁওয়ে ২০২৫ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা, ১১ শিক্ষককে অব্যাহতি

সোনারগাঁওয়ে ২০২৫ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা, ১১ শিক্ষককে অব্যাহতি

 

 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এসএসসি পরীক্ষায় কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২০২৫ সালের প্রশ্নপত্রে ১৭৭ জন নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার অভিযোগে কেন্দ্র সচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।

 

বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক চিঠিতে এ সুপারিশ করা হয়। শিক্ষা বোর্ডের মহাপরিচালকের কাছে এ সুপারিশ পাঠানো হয়েছে।

 

দায়িত্বে অবহেলার কারণে কক্ষ পর্যবেক্ষক হিসেবে নিয়োজিত ১১ জন শিক্ষককে এসএসসি পরীক্ষার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত আরেকটি চিঠিতে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

অপরদিকে, এক অফিস আদেশে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত অভিযুক্ত কেন্দ্র সচিব মো. আবদুল মতিন সরকারের স্থলাভিষিক্ত হিসেবে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমকে দায়িত্ব দেন।

 

কক্ষ পর্যবেক্ষক থেকে অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন— কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের শিউলি আক্তার, সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ের ফারজানা হোসেন স্বপ্না, পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের মনোয়ারা বেগম, রওনক আরা বেগম ও আনিছুর রহমান, সোনারগাঁও আইডিয়াল স্কুলের সুমাইয়া আজাদ, সায়েদা খাতুন ইসলামিক দাখিল মাদ্রাসার মোশারফ হোসেন, আকবর আলী হাই স্কুল অ্যান্ড কলেজের বদরুন নাহার ইভা, সাদিপুর উচ্চ বিদ্যালয়ের মনিরুজ্জামান, মেঘনা শিল্পনগরী উচ্চ বিদ্যালয়ের ছানোয়ারা বেগম এবং জামপুর মাঝের চর উচ্চ বিদ্যালয়ের আব্দুল হামিদ।

 

জানা যায়, সোনারগাঁওয়ের কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গত মঙ্গলবার এসএসসি পরীক্ষার প্রথম দিনে সিনহা উচ্চ বিদ্যালয়, দবরউদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় ও নাসিম মেমোরিয়াল ল্যাবরেটরি স্কুলের ৭৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ১৭৭ জন শিক্ষার্থীকে ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। এ প্রশ্নেই নিয়মিত শিক্ষার্থীরা এক ঘণ্টা ২৫ মিনিট পরীক্ষা দেয়।

 

পরবর্তীতে ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়ার বিষয়টি শিক্ষার্থীদের নজরে আসে। বিষয়টি কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টদের অবগত করা হলে তাৎক্ষণিকভাবে ইউএনওকে জানানো হয় এবং সঠিক প্রশ্নপত্র দিয়ে অতিরিক্ত সময় দিয়ে পুনরায় পরীক্ষা নেওয়া হয়।

 

বিষয়টি জানাজানি হলে ওই কেন্দ্রে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে বিক্ষোভ করেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

 

পরে ওই দিন বিকেলে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত এক চিঠিতে কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়।

 

সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত বলেন, দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিবকে অব্যাহতির পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়াও ১১ জন শিক্ষককে এসএসসি পরীক্ষার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।