ফতুল্লা ডক্টরস সোসাইটির বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মে ২, ২০২৬, ৯:১০ অপরাহ্ন / ১০০০
ফতুল্লা ডক্টরস সোসাইটির বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

ফতুল্লা ডক্টরস সোসাইটির বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

 

ফতুল্লা ডক্টরস সোসাইটি (FDS)-এর উদ্যোগে ‘সার্জিক্যাল সাইট ইনফেকশন প্রতিরোধে সেফুরোক্সিম-এর ভূমিকা’ শীর্ষক একটি বৈজ্ঞানিক সেমিনার এবং ‘ডিএনডি এলাকার স্বাস্থ্য খাতের সংস্কার’ বিষয়ক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড মোড়স্থ গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন। তিনি বলেন, “ডাক্তারদের খবর কেউ ঠিকমতো রাখেন না। অথচ আমার নির্বাচনী ইশতেহারে শিক্ষার পরেই ছিল স্বাস্থ্যসেবার স্থান। ডিএনডি এলাকার নানাবিধ সমস্যার মধ্যে স্বাস্থ্যসেবা অন্যতম একটি চ্যালেঞ্জ।” তিনি আরও বলেন, ডিএনডি এলাকার গত ২৬ বছরের তথ্য চেয়েছেন এবং এই অঞ্চলের শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতি দেন। সংসদ সদস্য আরও যোগ করেন, “আমাদের এডুকেশন এবং হেলথ সেক্টরে কাজ করতে হবে। আপনাদের এই ভালো উদ্যোগের সাথে আমি সবসময় থাকবো এবং সহযোগী হিসেবে আমাকে পাশে পাবেন।”

 

ফতুল্লা ডক্টরস সোসাইটির এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত মেজর ডাঃ সোহেলুর রহমান। তিনি সার্জিক্যাল সাইট ইনফেকশন প্রতিরোধে ‘সেফুরোক্সিম’ ওষুধের কার্যকারিতা ও প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

ফতুল্লা ডক্টরস সোসাইটির উপদেষ্টা ডাঃ আলী আশরাফ খান বলেন, সচেতনতা সবার জন্য জরুরি। তিনি গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান যেন স্বাস্থ্য বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করা হয়। একইসাথে তিনি এমপি কামাল হোসেনকে ডিএনডি প্রজেক্ট ও সাধারণ মানুষের চিকিৎসায় সহায়তা করার অনুরোধ জানান।

 

সেমিনারে ডিএনডি এলাকার স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ রেহনুমা মেহনাজ হোসাইন। তিনি ঢাকা-৪, ৫ এবং নারায়ণগঞ্জ-৪ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ডিএনডি এলাকার স্বাস্থ্যসেবার সামগ্রিক চিত্র তুলে ধরেন।

 

ফতুল্লা ডক্টরস সোসাইটির সভাপতি ডাঃ এম. এ. সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা সঠিক রেফারেল সিস্টেম চালুর ওপর গুরুত্বারোপ করেন।

মদনপুর বারাকা হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডাঃ আব্দুল মালেক বলেন, উন্নত দেশগুলোর মতো জিপি (GP) সেন্টার সিস্টেম চালু করা দরকার, যেখানে জরুরি রোগীদের রেফার করার আগে সঠিক বোর্ড কনসালটেশন থাকবে। এছাড়া হাসপাতালের সামনে যেন ট্রাফিক জ্যাম না থাকে সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়।

 

বিপিএল লিমিটেডের সৌজন্যে আয়োজিত এই অনুষ্ঠানে কোম্পানির ঔষধ ‘টারবোক্লাভ’ নিয়ে আলোচনা করেন সিনিয়র রিজিওনাল সেলস এক্সিকিউটিভ মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানের বিভিন্ন পর্ব সঞ্চালনা করেন ডাঃ মোঃ সাজ্জাত উল ইসলাম (দিপু) ও ডাঃ কামরুন নাহার পলি।

 

পরিশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ফতুল্লা ডক্টরস সোসাইটির সাধারণ সম্পাদক ডা: মোহাম্মদ আরশাদ।