
না.গঞ্জে প্রস্তুত বিনোদন কেন্দ্র, ঈদের দিনে নেই দর্শনার্থী
পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের বিভিন্ন বিনোদন কেন্দ্র সাজানো হলেও ঈদের প্রথম দিনে তেমন দর্শনার্থীর দেখা মেলেনি। কোরবানি ও পারিবারিক ব্যস্ততায় অধিকাংশ মানুষ ঘরেই সময় কাটানোয় ফাঁকা ছিল পার্ক ও বিনোদন কেন্দ্রগুলো।
বৃহস্পতিবার (২৮ মে) জেলার বিভিন্ন বিনোদন কেন্দ্র ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে। তবে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন থেকে দর্শনার্থীর চাপ বাড়বে বলে আশা করছেন পার্ক কর্তৃপক্ষ।
নারায়ণগঞ্জের জনপ্রিয় বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে চৌরঙ্গী ফ্যান্টাসি পার্ক, অ্যাডভেঞ্চার ল্যান্ড ও সিটি পার্ক। এছাড়া বিভিন্ন উপজেলায়ও ছোট-বড় বেশ কয়েকটি পার্ক ও রিসোর্ট রয়েছে। ঈদকে কেন্দ্র করে এসব স্থানে রং-তুলির কাজ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, আলোকসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের ছুটিতে বাড়তি দর্শনার্থীর কথা মাথায় রেখে অধিকাংশ পার্কে অতিরিক্ত কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। যানজট ও শৃঙ্খলা নিয়ন্ত্রণেও নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।
চৌরঙ্গী পার্কের মালিক সাত্তার বলেন, আমরা ঈদ উপলক্ষে পুরো পার্ক প্রস্তুত করেছি। পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি আলোকসজ্জা করা হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত লোকবলও রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ঈদের প্রথম দিনে মানুষ সাধারণত কোরবানি ও আত্মীয়-স্বজন নিয়ে ব্যস্ত থাকে। তাই ভিড় কম। তবে আগামী দুই-তিন দিনে পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষের সংখ্যা অনেক বাড়বে বলে আমরা আশা করছি।
এদিকে শহরের ব্যস্ত জীবন থেকে কিছুটা স্বস্তি পেতে ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে বিনোদন কেন্দ্রে যাওয়ার পরিকল্পনা করছেন অনেকে। ফলে ঈদের পরবর্তী দিনগুলোতে পার্কগুলোতে দর্শনার্থীর চাপ বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :