সোনারগাঁয়ে ১৯ মামলার আসামি ‘জঙ্গি সোহান’ গ্রেফতার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ১, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে ১৯ মামলার আসামি ‘জঙ্গি সোহান’ গ্রেফতার

সোনারগাঁয়ে ১৯ মামলার আসামি ‘জঙ্গি সোহান’ গ্রেফতার

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিশেষ অভিযানে ১৯টি মামলার আসামি সোহান ওরফে ‘জঙ্গি সোহান’কে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, দস্যুতা ও সংঘবদ্ধ ধর্ষণসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

 

বুধবার (১ জুলাই) দুপুরে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বিষয়টি নিশ্চিত করেন।

 

 

 

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় ৩০ জুন রাতে সোনারগাঁ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। উপপরিদর্শক (এসআই) মো. ছারোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে সোহানকে গ্রেফতার করা হয়।

 

ওসি গোলাম সারোয়ার বলেন, গ্রেফতার সোহানের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মোট ১৯টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে অস্ত্র, ডাকাতি, দস্যুতা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাও রয়েছে। অধিকাংশ মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

 

পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৬ সালের মধ্যে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় ডাকাতির প্রস্তুতি, ৩৯৫ ও ৩৯৭ ধারায় ডাকাতি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় অভিযোগ রয়েছে। এ ছাড়া অস্ত্র আইনেও তার বিরুদ্ধে মামলা রয়েছে।

 

ওসি বলেন, দীর্ঘদিন ধরে পলাতক থেকে সোহান এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। তাকে গ্রেফতারের ফলে এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে বলে পুলিশ আশা করছে।

 

 

 

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।