নাসিকে যুক্ত হচ্ছে সম্পূর্ণ কুতুবপুর ইউপি ও ৩ ইউপি’র আংশিক , ৩০ দিনের মধ্যে আপত্তি আহ্বান


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৬, ৫:২৪ অপরাহ্ন / ১০০০
নাসিকে যুক্ত হচ্ছে সম্পূর্ণ কুতুবপুর ইউপি ও ৩ ইউপি’র আংশিক , ৩০ দিনের মধ্যে আপত্তি আহ্বান

নাসিকে যুক্ত হচ্ছে সম্পূর্ণ কুতুবপুর ইউপি ও ৩ ইউপি’র আংশিক , ৩০ দিনের মধ্যে আপত্তি আহ্বান

 

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সীমানা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সদর উপজেলার কুতুবপুর, ফতুল্লা, কাশীপুর ও এনায়েতনগর ইউনিয়নের নির্ধারিত এলাকাগুলো নাসিকের আওতায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের কাছ থেকে আগামী ৩০ দিনের মধ্যে মতামত ও আপত্তি আহ্বান করা হয়েছে।

 

মঙ্গলবার (৭ জুলাই) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও সীমানা নির্ধারণ কর্মকর্তা রায়হান কবির স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ ও সংকোচন) বিধিমালা, ২০১৩-এর ধারা ৫ অনুযায়ী প্রাথমিকভাবে সীমানা সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ সিদ্ধান্তের বিষয়ে সংশ্লিষ্ট এলাকার অধিবাসীদের কোনো পরামর্শ বা আপত্তি থাকলে তা আগামী ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে হবে। পরবর্তীতে প্রাপ্ত আপত্তির ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

 

প্রস্তাবিত সীমানা অনুযায়ী কুতুবপুর ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ নাসিকের আওতায় আনা হবে।

 

ফতুল্লা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ ছাড়াও ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব সস্তাপুর ও আশপাশের এলাকা এবং ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব ইসদাইর, চাঁদমারী ও সংলগ্ন এলাকাও সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হবে।

 

এছাড়া কাশীপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ এবং এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এলাকাগুলোও নাসিকের সীমানায় যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমানা সম্প্রসারণ বাস্তবায়িত হলে নতুন অন্তর্ভুক্ত এলাকাগুলোতে সিটি কর্পোরেশনের নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক উন্নয়ন, পানি সরবরাহ ও অন্যান্য নগর সুবিধা সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে। তবে এর সঙ্গে নগর কর ও প্রশাসনিক ব্যবস্থার পরিবর্তনও কার্যকর হবে।

 

জেলা প্রশাসক রায়হান কবির জানান, প্রাপ্ত মতামত ও আপত্তি পর্যালোচনা করে শুনানি শেষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।