বন্দরে শিশুকে বলাৎকারের অভিযোগে যুবদল নেতার ছেলে আটক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ৯:৩১ অপরাহ্ন / ১০০০
বন্দরে শিশুকে বলাৎকারের অভিযোগে যুবদল নেতার ছেলে আটক

বন্দরে শিশুকে বলাৎকারের অভিযোগে যুবদল নেতার ছেলে আটক

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাবাগ এলাকায় ৭ বছর বয়সী এক শিশুকে দীর্ঘ দিন ধরে বলাৎকারের অভিযোগে মো. তাসকিন কিবরিয়া (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

‎বুধবার (৮ জুলাই) বিকেলে ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে বন্দর থানা পুলিশ তাকে আটক করে।

 

‎আটককৃত তাসকিন কিবরিয়া কলাবাগ এলাকার বাসিন্দা এবং বন্দর উপজেলা যুবদল নেতা রুবেল কিবরিয়ার ছেলে।

‎ভুক্তভোগী পরিবারের অভিযোগ থেকে জানা যায়, গত কোরবানির ঈদের পর থেকে অভিযুক্ত কিশোর নানা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে শিশুটিকে নিয়মিত বলাৎকার করে আসছিল। বিষয়টি কাউকে না জানানোর জন্য তাকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। অবশেষে গত ৭ জুলাই দুপুরে শিশুটি তার বাবা মেহেদী হাসান ফাহাদকে পুরো ঘটনা খুলে বলে।

‎ভুক্তভোগীর বাবা জানান, তিনি বিষয়টি অভিযুক্তের বাবাকে জানালে তিনি উল্টো তাদের অপমান করেন এবং কোনো প্রতিকার করতে অস্বীকার করেন। কোনো উপায় না দেখে আজ ৮ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে ভুক্তভোগীর বাবা বন্দর থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান।

‎অভিযোগ পাওয়ার পরপরই বন্দর থানার এসআই আলী আকবরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত তাসকিন কিবরিয়াকে হেফাজতে নেয়।

‎এ বিষয়ে বন্দর থানার দায়িত্বরত কর্মকর্তারা জানান, ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত কিশোর বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

‎এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।