সিদ্ধিরগঞ্জে বিদেশি রিভলবার, গুলি ও রামদা উদ্ধার, গ্রেপ্তার ১


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে বিদেশি রিভলবার, গুলি ও রামদা উদ্ধার, গ্রেপ্তার ১

সিদ্ধিরগঞ্জে বিদেশি রিভলবার, গুলি ও রামদা উদ্ধার, গ্রেপ্তার ১

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকা‌লে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড গুলি, তিনটি রামদা, একটি মাইক্রোবাস ও একটি লাল রঙের প্লাস্টিকের লাইট উদ্ধার করা হয়েছে। তবে তাঁর সঙ্গে থাকা আরও দুই সন্দেহভাজন পালিয়ে গেছেন।

 

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার কিসকিতা বেকারি-সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ এক ব্যক্তি ফোন করে একটি মাইক্রোবাসে করে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির ঘোরাঘুরির তথ্য দেন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালায়। এ সময় সজিব আহম্মেদ (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি পুলিশ আসার আগেই পালিয়ে যান।

 

অভিযানে একটি স্পেনে তৈরি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড গুলি, তিনটি রামদা, একটি ব্যবহৃত মাইক্রোবাস ও একটি লাল রঙের প্লাস্টিকের লাইট উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তার সজিব আহম্মেদ সিদ্ধিরগঞ্জের মিজমিজি মাইজপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে আগের চারটি মামলা বিচারাধীন রয়েছে এবং তিনি জামিনে মুক্ত ছিলেন।

 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি ও তাঁর সহযোগীরা ডাকাতি ও ছিনতাইয়ের উদ্দেশ্যে এলাকায় অবস্থান করছিলেন বলে জানা গেছে। পালিয়ে যাওয়া দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

পুলিশ সূত্র জানায়, অভিযানের সূচনা হয় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া একটি ফোনকলের ভিত্তিতে। পরে তাৎক্ষণিক অভিযানে অস্ত্র, গুলি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।