বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৯:২২ অপরাহ্ন / ১০০০
বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার

বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বন্দর: নারায়ণগঞ্জের বন্দরে ১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রের আনসার সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ২টি শটগান লুটের ঘটনায় মূল হোতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার হেফাজত থেকে লুণ্ঠিত ১টি শটগান উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম মোঃ ফারুক হোসেন ওরফে ‘আইস ফারুক’ (৪০)। সে রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার মৃত হারুন উর রশিদের ছেলে। ডিবি পুলিশ জানায়, ফারুক একজন পেশাদার ডাকাত সর্দার এবং তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ১২টিরও বেশি ডাকাতি ও চুরির মামলা রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ জুলাই ২০২৬ খ্রিঃ ভোর আনুমানিক ০৪:৪৫ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন হরিপুর ২৭নং ওয়ার্ডস্থ ১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে নদীর ঘাট সংলগ্ন ডিউটি পোস্টে আনসার সদস্য সৈকত মিয়া এবং মোঃ মনিরুজ্জামান মুন্সী দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি ইঞ্জিন চালিত নৌকাযোগে ৫/৬ জনের একটি ডাকাত দল সেখানে হানা দেয়। ১ জন ডাকাত নৌকায় অবস্থান করে এবং বাকি ৫ জন রামদাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ডিউটিরত আনসার সদস্যদের ঘিরে ফেলে। ডাকাতরা প্রাণনাশের ভয় দেখিয়ে এবং জোরপূর্বক ধস্তাধস্তি করে আনসার সদস্যদের কাছ থেকে ২টি সরকারি শটগান ডাকাতি করে নৌকাযোগে কাঁচপুরের দিকে পালিয়ে যায়।

উক্ত ঘটনায় প্লাটুন কমান্ডার (১১৫১০) মোঃ মনির মিয়া বাদী হয়ে বন্দর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

 

মামলা রুজুর পর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর সার্বিক তত্ত্বাবধানে তদন্তে নামে ডিবি পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা) মোঃ হাসিনুজ্জামান-এর তদারকিতে এবং ডিবি খ-জোনের ইনচার্জ জনাব সাজ্জাদ করিম খানের নেতৃত্বে এসআই শরীফুল হাসান ও এসআই এস এম আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্সসহ নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করেন। অবশেষে রূপগঞ্জ থানাধীন বরাবো ছাপড়া মসজিদ এলাকা থেকে ডাকাত সর্দার ফারুককে গ্রেফতার করা হয় এবং তার স্বীকারোক্তি ও হেফাজত থেকে লুণ্ঠিত ১টি শটগান উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ফারুক ও তার দলের সদস্যরা নিয়মিত মাদক সেবন করে এবং শীতলক্ষ্যা নদীতে ডাকাতি করাই তাদের মূল পেশা। মূলত মাদকের টাকার জোগান দেওয়া এবং সংসারের খরচ চালানোর জন্যই তারা এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনাটি ঘটিয়েছিল।

ডিবি পুলিশ জানিয়েছে, লুণ্ঠিত অপর শটগানটি উদ্ধার এবং চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।