আদমজী ইপিজেডে পোশাক কারখানার গোডাউনে ভয়াবহ আগুন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ৩:০০ অপরাহ্ন / ১০০০
আদমজী ইপিজেডে পোশাক কারখানার গোডাউনে ভয়াবহ আগুন

আদমজী ইপিজেডে পোশাক কারখানার গোডাউনে ভয়াবহ আগু

 

নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এলাকায় অনন্ত অ্যাপারেলস লিমিটেডের একটি ফ্যাব্রিক্স গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গোডাউনে থাকা বিপুল পরিমাণ কাপড়, কাঁচামাল ও অন্যান্য মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

বুধবার (১৫ জুলাই) ভোর ৪টার দিকে গোডাউনটিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন গোডাউনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে প্রথমে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় আশপাশের চারটি ফায়ার স্টেশন থেকে আরও আটটি ইউনিট যোগ দেয়। সব মিলিয়ে ৯টি ইউনিটের চেষ্টায় সকাল প্রায় ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

আগুন নিয়ন্ত্রণে এলেও পরে ডাম্পিং কার্যক্রম চালিয়ে যায় ফায়ার সার্ভিস, যাতে ভেতরে লুকিয়ে থাকা আগুন বা তাপ থেকে নতুন করে আগুন ছড়িয়ে না পড়ে।

 

স্থানীয় বাসিন্দা ও কারখানার শ্রমিকদের ভাষ্য, ভোরের দিকে গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। গোডাউনে বিপুল পরিমাণ ফ্যাব্রিক্স ও দাহ্য কেমিক্যালজাতীয় উপকরণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে তাঁদের ধারণা। আগুনের তাপ ও ঘন ধোঁয়ায় আশপাশের কারখানার শ্রমিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ডাম্পিং কার্যক্রম চলছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। গোডাউনে থাকা কোনো কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হবে।

 

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে।